ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলক স্থাপনের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং বার্ষিক সিনেট অধিবেশনে পূর্ববর্তী নাম বহাল রাখার সিদ্ধান্তের ভিত্তিতে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। গত বছর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী স্বউদ্যোগে হলের মূল ফটক থেকে আগের নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ ব্যানার ও নামফলক ঝুলিয়ে দিয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের একটি সুপারিশ করা হলেও সিনেট অধিবেশনে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় প্রাতিষ্ঠানিক নথিতে হলটির মূল নাম অপরিবর্তিতই থেকে যায়। সেই ধারাবাহিকতায় এখন হলের মূল ফটকে প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক নামফলকটি পুনর্স্থাপন করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে অনুমতি দেননি। সেকারণেই হলের আসল নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর থেকেই হাদির নাম মুছে ফের বঙ্গবন্ধুর নাম লেখার কাজ শুরু হয়েছে হলে। যদিও এই কাজের তীব্র প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। ডাকসুর কথায়, জুলাই গণ-অভ্যুত্থানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শেখ মুজিবুর রহমানের নামে থাকাটা তাঁদের দাবির সঙ্গে মানানসই নয়।

