জেলা
শালবনিতে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একঝাঁক হাতির মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মুখ থুবড়ে পড়ে রয়েছে বিশাল চেহারার একটি হাতি। তার এক পাশে দেহের নীচে চাপা পড়ে রয়েছে একটি ছোট্ট হস্তী শাবক। আর ঠিক তার কোল ঘেঁষে পড়ে রয়েছে আরও একটি ছোট হাতি। রবিবার সকালে চাষের জমিতে এসে এই হাড়হিম করা দৃশ্য দেখে চমকে উঠেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনির হাড়তোড়া গ্রামের বাসিন্দারা। প্রাথমিক তদন্তের পর বন দফতরের অনুমান, চাষের জমির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই তিনটি হাতির। মেদিনীপুরের বনাধিকারিক (ডিএফও) এস জনস জাস্টিন জানিয়েছেন, "দুর্ঘটনায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি পূর্ণবয়স্ক মা হাতি এবং বাকি দু’টি শাবক। হাতিগুলির দেহ উদ্ধার করে রবিবার দুপুরেই ময়নাতদন্ত করা হয়েছে। সেই রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।" মৃত ছোট হাতি দু’টি ওই মা হাতিরই নিজের শাবক কি না, তা অবশ্য এখনও নিশ্চিত করতে পারেনি বন দফতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল ঘেরা এই এলাকাটিতে শনিবার দিনভর ১০-১২টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছিল। রাতের অন্ধকারে সেই দল থেকে দলছুট হয়ে এই তিনটি হাতি হাড়তোড়া গ্রামের চাষের জমিতে চলে আসে। গ্রামে জমিতে জল দেওয়ার জন্য পাম্প বসানো ছিল এবং পাম্পের বিদ্যুতের খোলা তার জমির উপর দিয়েই টানা হয়েছিল। গ্রামবাসীদের একাংশের অনুমান, অন্ধকারে অলক্ষ্যে সেই হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বন দফতরের নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।

