চশমার দোকানের আড়ালে বেআইনি ক্লিনিক, শান্তিপুরে স্বাস্থ্য দফতরের হানা
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: চশমা বিক্রির আড়ালে রমরমিয়ে চলছিল বেআইনি ক্লিনিক। ভুয়ো ডাক্তার বসিয়ে রমরমিয়ে রোগী দেখার অভিযোগে নদিয়ার শান্তিপুরের এক নামী অপটিক্যাল দোকানে অতর্কিত হানা দিল জেলা স্বাস্থ্য দফতর। আদালতের কড়া নির্দেশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বুধবার শান্তিপুরের কলেজ মোড় সংলগ্ন ওই চশমার দোকানে এই হাইপ্রোফাইল অভিযান চালানো হয়। স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের এই অভিযানে সহযোগিতা করতে সঙ্গে ছিল শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শান্তিপুর কলেজ মোড়ের ওই অপটিক্যাল দোকানে চোখের পাওয়ার পরীক্ষার আড়ালে অন্য রোগেরও চিকিৎসা চলছিল। কোনো বৈধ লাইসেন্স বা ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের নিয়ম না মেনেই সেখানে প্যাথলজি ও ওপিডি (OPD) স্তরের ক্লিনিক চালানো হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে গোপন অভিযোগ জমা পড়তেই এদিন দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে আচমকা সেখানে হাজির হন ব্লক ও জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
স্বাস্থ্য দফতরের কর্তারা দোকানে ঢুকেই চিকিৎসার বৈধ কাগজপত্র, ড্রাগ লাইসেন্স এবং রোগী দেখার সরকারি অনুমতিপত্র দেখতে চান। কিন্তু দোকান কর্তৃপক্ষ কোনো সদুত্তর বা বৈধ নথি দেখাতে পারেনি। এর পরেই বেআইনিভাবে ক্লিনিক চালানোর অভিযোগে দোকানের একটি অংশ সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে প্রশাসন। এই ঘটনার পর থেকেই চশমার দোকানের মালিক ও সংশ্লিষ্ট ভুয়ো চিকিৎসকরা পলাতক। ঘটনার আকস্মিকতায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে শান্তিপুরের ব্যবসায়ী ও সাধারণ মহলে।

