বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মাথায় বন্দুক ঠেকিয়ে সিএসপি কর্মীর টাকা ছিনতাই, ধৃত ২

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬
মাথায় বন্দুক ঠেকিয়ে সিএসপি কর্মীর টাকা ছিনতাই, ধৃত ২
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, চাঁচল: ফাঁকা রাস্তায় বন্দুক উঁচিয়ে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি (CSP) কর্মীর পথ আটকে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলে। মঙ্গলবার সন্ধ্যার এই সশস্ত্র ডাকাতির ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। ধৃতদের নাম পারভেজ আলম ও রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সিএসপি-র কাজ শেষ করে নিজের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন মামুন নামের ওই কর্মী। চাঁচলের গৌড়হন্ড সংলগ্ন কৃষ্ণনগর এলাকার একটি নির্জন ও ফাঁকা রাস্তায় পিছন থেকে একটি নম্বরবিহীন বাইকে করে এসে তিন যুবক আচমকাই তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই মামুনের বাইকে সজোরে লাথি মেরে তাঁকে দাঁড় করিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপর তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা ল্যাপটপ, বায়োমেট্রিক ডিভাইস এবং নগদ ১ লক্ষ ৯৮ হাজার টাকা ভর্তি ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

টাকা লুঠ করার পর দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করতেই দূরে কয়েকজনকে দেখে প্রাণভয়ে চিৎকার করে ওঠেন ওই সিএসপি কর্মী। সেই চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসতেই ঘাবড়ে যায় তিন দুষ্কৃতী। তাড়া খেয়ে পালাবার সময় নিজেদের বাইকটি রাস্তাতেই ফেলে রেখে পাশের একটি অন্ধকার ধানখেতের মধ্যে ঢুকে পড়ে তারা।

ঘটনার খবর পেয়েই তদন্তে নামে চাঁচল থানার পুলিশ। ফেলে যাওয়া বাইকের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোপন খবরের ভিত্তিতে রাতেই দু’জনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত পারভেজ হরিশ্চন্দ্রপুর থানার দেগুন ও রফিকুল রতুয়া থানার পারাকরম এলাকার বাসিন্দা। বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর