জেলা
জয়রামপুর গ্রামে জলকষ্টে ভুগছেন বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রামপুরহাট-১ ব্লকের খরুণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়রামপুর গ্রামে দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে গ্রামের চারটি টিউবওয়েল অকেজো হয়ে পড়ে রয়েছে। শুধু তাই নয়, গত প্রায় ১৫ দিন ধরে গ্রামের একাধিক টাইম কলও খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে প্রতিদিনের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। অভিযোগ, গ্রামের কলগুলি থেকে জল না মেলায় বাধ্য হয়ে দূরদূরান্ত থেকে জল বয়ে আনতে হচ্ছে। অনেকেই আবার গ্রামের অন্য বাসিন্দাদের বাড়ি থেকে জল সংগ্রহ করছেন বলে দাবি। বিশেষ করে মহিলাদের হাতে বালতি নিয়ে প্রতিদিন দূরে গিয়ে জল আনতে হচ্ছে। এর ফলে সংসারের কাজ সামলে জল সংগ্রহ করাই এখন তাঁদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও তা সমাধানের জন্য কার্যকরী কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি, আগে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীনও গ্রামের জল সমস্যার সমাধান হয়নি। বর্তমানে নতুন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু এখনও গ্রামের পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর আগে গ্রামের অকেজো টিউবওয়েল এবং টাইম কলগুলি সচল হবে কি না, তা নিয়েই এখন দুশ্চিন্তায় জয়রামপুরের বাসিন্দারা। তাঁদের দাবি, উৎসবের মরশুমে যাতে জলকষ্টের কারণে সাধারণ মানুষকে আরও সমস্যায় পড়তে না হয়, তার জন্য দ্রুত গ্রামের সমস্ত অকেজো কল মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করা হোক।

