জেলা
সালানপুরে ভোট পরবর্তী হিংসা, ধৃত প্রভাবশালী তৃণমূল প্রধান
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার সালানপুর ব্লকে ভোট পরবর্তী হিংসা এবং ব্যাপক ভাঙচুরের অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন এক প্রভাবশালী তৃণমূল নেতা। ধৃতের নাম শ্রীকান্ত পাতর। তিনি সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান। মঙ্গলবার রাতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ চয়নপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে প্রথমে তাঁকে আটক করে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার ধৃত তৃণমূল নেতাকে আসানসোল আদালতে হাজির করা হয়। সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাদল পাতর নামের এক স্থানীয় বাসিন্দার দায়ের করা সুনির্দিষ্ট এফআইআর-এর (FIR) ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশ ওই অভিযুক্ত নেতার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল।
এদিকে এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের খবর এলাকায় চাউর হতেই স্থানীয় সাধারণ মানুষের একাংশের মধ্যে স্বস্তি ও উল্লাসের আবহ তৈরি হয়েছে। ধৃতের বিরুদ্ধে কেবল ভোট পরবর্তী হিংসাই নয়, এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার, জমি দখল এবং গত কয়েক বছরে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির নানা চাঞ্চল্যকর তথ্যও সামনে আসছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় এক ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন। এলাকাবাসীর দাবি, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে শ্রীকান্তর পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতো। তাঁর বাবা একটি সাধারণ চপ-সিঙাড়ার দোকান চালাতেন এবং শ্রীকান্ত নিজেও একসময় কয়লা ঠেলার কাজ করতেন। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক ক্ষমতা হাতে আসার পরই তাঁর জীবন যাপন বদলে যায়। সাধারণ ঘরের এক যুবক থেকে তাঁর এই বিপুল প্রভাবশালী হয়ে ওঠার পেছনে ঠিক কারা মদত জুগিয়েছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

