বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ছুটি মঞ্জুর করতে ঘুষ, সিবিআইয়ের হাতে ধৃত রেল আধিকারিক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ছুটি মঞ্জুর করতে ঘুষ, সিবিআইয়ের হাতে ধৃত রেল আধিকারিক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রেলকর্মীর চিকিৎসাজনিত বা মেডিক্যাল ছুটি মঞ্জুর করার জন্য মোটা টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এক প্রভাবশালী স্বাস্থ্য আধিকারিককে হাতেনাতে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম চন্দ্রশেখর গুপ্ত। তিনি ঝাড়খণ্ডের বোকারো জেলার ভোজুডি রেল হাসপাতালের চিফ হেলথ ইনস্পেক্টর পদে কর্মরত। মঙ্গলবার তাঁর নিজের অফিস থেকেই কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে পাকড়াও করেন। বুধবার ধৃতকে ঝাড়খণ্ডের ধানবাদে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে ভোজুডি রেল হাসপাতালের এক চতুর্থ শ্রেণীর কর্মী নিজের চিকিৎসার কারণে ছুটির আবেদন নিয়ে চন্দ্রশেখর গুপ্তের কাছে যান। অভিযোগ, সেই চিকিৎসাজনিত ছুটি মঞ্জুর করার জন্য ওই রেলকর্মীর কাছ থেকে একলপ্তে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই স্বাস্থ্য আধিকারিক। কিন্তু ওই রেলকর্মী ঘুষ দিতে চাননি। তিনি সোজা ধানবাদে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ পেয়েই চন্দ্রশেখরকে ধরতে কোমর বেঁধে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের নির্দেশ মতোই মঙ্গলবার প্রথম কিস্তির ১০ হাজার টাকা নিয়ে অভিযুক্তের অফিসে পৌঁছান ওই রেলকর্মী। সেই সময় ওত পেতে বসেছিলেন সিবিআই আধিকারিকেরা। টাকা হাতবদল হওয়ার মুহূর্তেই চন্দ্রশেখর গুপ্তকে হাতেনাতে ধরে ফেলা হয়।
সিবিআই জানিয়েছে, গ্রেফতারির পর ধৃত আধিকারিকের অফিস ও আবাসন— দুই জায়গাতেই ম্যারাথন তল্লাশি চালানো হয়েছে। উদ্ধার করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। রেলের অন্দরে দীর্ঘদিন ধরে এই ধরনের কোনো দুর্নীতি চক্র চলছিল কি না, তা জানতে তদন্ত জারি রেখেছেন গোয়েন্দারা। এই ঘটনায় আদ্রা রেল ডিভিশন জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।