দলিলের নথি দিতে ঘুষ, হাতেনাতে ধৃত সরকারি কর্মী
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পুরনো দলিলের নথি বা রেকর্ড বের করে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে পাকড়াও হলেন এক সরকারি কর্মী। বুধবার বিকেলে সিউড়ি রেজিস্ট্রি অফিসে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আচমকাই ওই অফিসে অভিযান চালিয়ে অভিযুক্ত কর্মীকে ধরে ফেলেন। এই ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা অফিস চত্বরে।
সূত্রের খবর, ধৃত ওই কর্মী সিউড়ি রেজিস্ট্রি অফিসে ‘রেকর্ড কিপার’ পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করা এবং কাজের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠছিল। অভিযোগ, পুরনো জমি বা বাড়ির দলিলের নথি বের করে দেওয়ার জন্য তিনি মোটা অঙ্কের ঘুষ দাবি করতেন। টাকা না দিলে কাজ আটকে রাখা হত বলেও অভিযোগ।
অবশেষে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। সেই পরিকল্পনা অনুযায়ী, বুধবার বিকেলে সিউড়ি রেজিস্ট্রি অফিসে আচমকা হানা দেন তদন্তকারী আধিকারিকরা। অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার ঠিক মুহূর্তেই ওই রেকর্ড কিপারকে হাতেনাতে পাকড়াও করেন তাঁরা। তাঁর কাছ থেকে ঘুষের টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ব্যস্ত অফিসের মধ্যে হঠাৎ দুর্নীতি দমন শাখার এই অভিযানে হতচকিত হয়ে পড়েন অন্যান্য কর্মী ও সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই অফিস চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সরকারি দপ্তরে বসে এমন দুর্নীতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত সাধারণ মানুষ। ধৃত কর্মীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে অফিসের আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

