বেকারদের জন্য ‘ভরসা’ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, কারা পাবেন মাসে ২ হাজার টাকা?
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে চালু হওয়া ‘ভরসা’ প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল নবান্ন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। বুধবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং আবেদনের শর্তাবলি কী, তা স্পষ্ট করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে স্নাতক বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ২ হাজার টাকা এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ (নন-গ্র্যাজুয়েট) উপভোক্তারা মাসিক ১ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। একজন উপভোক্তা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
• স্থায়ী বাসিন্দা ও বয়স: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
• কর্মসংস্থানের শর্ত: আবেদনকারীকে বেকার হতে হবে। সরকারি বা বেসরকারি কোনও ক্ষেত্রে কর্মরত কিংবা স্বনিযুক্ত হলে এই সুবিধা মিলবে না।
• পরিবার পিছু সীমা: একই পরিবার থেকে দু’জনের বেশি সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন না।
• অন্যান্য প্রকল্পের শর্ত: অন্নপূর্ণা যোজনা বা রাজ্যের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত হলে আবেদন করা যাবে না। তবে ‘মানবিক’ পেনশনের মতো দিব্যাঙ্গজনদের পেনশন প্রাপকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
• ভোটার তালিকা ও নাগরিকত্ব সংক্রান্ত শর্ত: এসআইআর ২০২৬-এর পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকতে হবে। এ ছাড়া এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকলে অথবা সিএএ-র অধীনে আবেদন বিচারাধীন থাকলেও আবেদন করা যাবে।
রাজ্যের কর্মহীন তরুণ-তরুণীদের স্বনির্ভরতার পথে এগিয়ে দিতেই সরকারের এই উদ্যোগ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

