বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বিলাসবহুল স্করপিওর দরজা খুলতেই চোখ কপালে, উদ্ধার গরু

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
বিলাসবহুল স্করপিওর দরজা খুলতেই চোখ কপালে, উদ্ধার গরু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সাদা রঙের ঝাঁ-চকচকে বিলাসবহুল এসইউভি। দূর থেকে দেখলে মনে হবে কোনও প্রভাবশালী ব্যক্তি বা পরিবারের গাড়ি। কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে সেই বিলাসবহুল গাড়িকেই গরু পাচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল পাচারকারীরা। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ভেস্তে গেল পাচারের ছক। গাড়ির দরজা খুলতেই ভিতরের দৃশ্য দেখে কার্যত চোখ কপালে ওঠে পুলিশকর্মীদের।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বালিভাষা ও গুপ্তমণি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিভাষা টোল প্লাজা এলাকায় টহলদারির সময় একটি সাদা স্করপিও গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। গাড়িটিকে দাঁড়ানোর সংকেত দেওয়া হলেও চালক গতি বাড়িয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। বিপদ বুঝে গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর গুপ্তমণি মৌজার বুড়িমল এলাকায় পৌঁছতেই গাড়িটি থামিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় চালক।

এরপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই বিলাসবহুল স্করপিওটির কাছে পৌঁছয় পুলিশ। গাড়ির কাচ কালো ফিল্ম দিয়ে ঢাকা থাকায় বাইরে থেকে ভিতরের কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। দেখা যায়, গাড়ির পিছনের আসনগুলি খুলে ফেলে সেখানে অত্যন্ত অমানবিক ভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ৪টি গরু।

পুলিশের প্রাথমিক অনুমান, সাধারণ মালবাহী গাড়িতে গরু নিয়ে গেলে রাস্তায় তল্লাশির মুখে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নজর এড়াতে বিলাসবহুল গাড়ি ব্যবহার করে অভিনব কায়দায় এই পাচারের ছক কষা হয়েছিল। গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পলাতক চালকের খোঁজে এবং এই পাচার চক্রের মূল পাণ্ডাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।

আরও জেলা খবর