জগদ্ধাত্রী পুজোয় জমজমাট মানকর
নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর রেশ কাটতে না কাটতে পূর্ব বর্ধমানের মানকর, দিগনগরে নিজেদের ঐতিহ্য এবং সাবেকিয়ানা বজায় রেখে পুজো কমিটিগুলি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করছে। মানকর কলোনির নিউ স্পোর্টিং ক্লাবের পুজোয় ক্লাবের সদস্য দেবাশীষ বৈদ্য নিজেই মায়ের মূর্তি তৈরি করেছেন। সেই মূর্তিতেই পুজো হচ্ছে। এবারে মন্দিরের আদলে সজ্জিত হয়েছে মন্ডপ। কুমোরটুলি থেকে প্রতিমা আনা হয়েছে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিবছরই থিম করে পুজো হয়। ষষ্ঠীর দিন থেকে শুরু হয় পুজো। চার দিন পুজো চলার পর পাড়ার পুকুরেই হয় দেবীর বিসর্জন হয়। পুজোর চারদিনই ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকবে। দেবাশীষ বলেন, আমাদের পুজোয় বলি প্রথা আছে। চালকুমড়ো, আঁখ বলি দেওয়া হয় এখানে। স্থানীয় বাসিন্দা অঞ্জন ঘোষ বলেন, জগদ্ধাত্রী পুজো মানেই সকলে চন্দননগরের কথা বলে কিন্তু এদিকের পুজো দেখতেও বহু মানুষ ভিড় করে।
মানকর স্টেশন বাজারের বকুলতলা জগদ্ধাত্রী পুজো ২৫০ বছরেরও বেশি প্রাচীন। একসময় এই পুজো পারিবারিক ছিল। বিভিন্ন কারণে পুজো বন্ধের উপক্রম হয়। পাড়ার যুবকরা এগিয়ে এসে তখন পুজোর দায়িত্ব নেয়। সেই থেকেই পারিবারিক পুজো সার্বজনীন রূপ পেয়েছে। পুজোর সঙ্গে যুক্ত বিমল দোলুই, নূপুর মেটেরা জানান, এখানে সপ্তমী থেকে নবমী একই দিনে পুজো হয়। অষ্টমীতে লুচি ভোগ এবং নবমীতে ৫০ কেজি আতপ চালের নৈবেদ্য দেবীকে নিবেদন করা হয়। সপ্তমীতে চাল কুমড়ো, অষ্টমী ও নবমীতে ছাগ বলি দেওয়া হয়। এখানে আলাদা করে মণ্ডপ তৈরি হয় না। সারা বছর দেবী নির্দিষ্ট মন্ডপেই অবস্থান করেন। বর্তমানে পুরনো সেই মন্দিরটি সংস্কার হয়েছে। এখানে দেবী একা আসেন না। উপস্থিত থাকেন ঋষি ও সখীরা। পুজো উদ্যোক্তা নূপুর মেটে বলেন, প্রাচীন রীতি মেনে এলাকার বাঁধাপুকুরে দেবীর বিসর্জন হয়। পুজো উপলক্ষ্যে নরনারায়ন সেবার ব্যবস্থা করা হয়।
আউশগ্রামের দিগনগরে বন্দ্যোপাধ্যায় পরিবারের জগদ্ধাত্রী পুজো ৩৬০ বছরের প্রাচীন। এই পুজোয় এসেছিলেন সাধক কমলাকান্ত। প্রাচীন রীতি মেনে পরিবারের সদস্যরা আজও পুজোর আয়োজন করেন। জানা যায়, বন্দ্যোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষ নফরচন্দ্র বন্দোপাধ্যায়ের বাবা স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন। এখানে পুজোয় রয়েছে একাধিক বিশেষ রীতি। মূর্তিতে দেবীর সাথে উপস্থিত থাকেন জয়া বিজয়া। এছাড়া দেবী দুটি সিংহের উপর অধিষ্ঠান করেন। একদিনে সপ্তমী থেকে নবমী পুজো হয় এখানে। চালকুমড়ো বলি হয়। জানা যায়, পরিবারের রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় বর্ধমান মহারাজ কীর্তিচাঁদের সভায় গায়ক ছিলেন। সেই সূত্রে সাধক কমলাকান্তের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। কমলাকান্ত এখানে পুজোয় এসেছিলেন। স্থানীয় বাসিন্দা অর্পণ সেন বলেন, প্রাচীন এই পুজো দেখতে দিগনগর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন।

