বাহাত্তরটি বেনারসি ও বাইশ কেজি গয়নায় সেজেছেন বুড়িমা
নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হল চাষাপাড়ার বুড়িমা। বিশালাকার প্রতিমা, সাবেকি সাজ এবং বিপুল অলঙ্কারে দেবীর অপরূপ রূপ দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে ভিড় জমান অসংখ্য ভক্ত। এ বছর ২৫৪ বছরে পা দিয়েছে চাষাপাড়া বারোয়ারির এই ঐতিহ্যবাহী পুজো। ভক্তদের নিবেদন করা ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা ও রুপোর গয়নায় রাজকীয় সাজে সেজে উঠেছেন দেবী। বুড়িমার এই অপরূপ রূপ ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
কৃষ্ণনগরের পুজোর ইতিহাসে চাষাপাড়ার বুড়িমার স্থান সবার উপরে। জনশ্রুতি রয়েছে, দেবী অত্যন্ত জাগ্রত এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর পুজোর আগে ভক্তরা দেবীর উদ্দেশ্যে অকাতরে শা kiড়ি ও মূল্যবান অলঙ্কার নিবেদন করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ৭২টি নতুন বেনারসি শাড়িতে দেবীর অঙ্গে শোভা পাচ্ছে অনন্য আভিজাত্য। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ২২ কেজি সোনা ও রুপোর গয়না। মুকুট থেকে শুরু করে গলার হার, বালা এবং অন্যান্য সাবেকি গয়নায় দেবীকে দেখতে অপরূপ লাগছে।
পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আড়াইশো বছরের বেশি সময় ধরে চলে আসা এই পুজোর প্রতিটি রীতিনীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। দেবীর গায়ে এত বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না থাকায় মণ্ডপ চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশি পাহারার পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নবমীর দিন ভোর থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামবে বলে আশা করছেন উদ্যোক্তারা। সাবেকিয়ানা আর ভক্তির মেলবন্ধনে কৃষ্ণনগরের উৎসবের আমেজ এখন তুঙ্গে।

