মোবাইলে মত্ত মা! জলের বালতিতে ডুবে মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা, বারাসত: মোবাইল ফোনে মজে থাকার চরম মাশুল। মায়ের অসাবধানতায় খেলতে খেলতে জলের বালতিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হল ১৪ মাসের এক শিশুর। মঙ্গলবার দুপুরে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটখোলার বাসিন্দা শ্রেয়া মণ্ডলের সঙ্গে এলাকারই যুবক বিপ্লব বারুইয়ের বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য কলহের জেরে বছর দেড়েক আগে থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। তাঁদের ১৪ মাসের সন্তান মায়ের কাছেই থাকত। এ দিন দুপুরে ঘরে জলভর্তি একটি বালতি রাখা ছিল। অভিযোগ, সেই সময় শ্রেয়া মোবাইল ফোনে গেম খেলায় এতটাই মগ্ন ছিলেন যে, শিশুটি কখন হামাগুড়ি দিয়ে ওই বালতির কাছে চলে গিয়েছে, তা তিনি টেরই পাননি। বালতির জলে উপুড় হয়ে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় একরত্তি শিশুটির।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শিশুটির বাবা বিপ্লব বারুই। তিনি সরাসরি স্ত্রীর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন। বিপ্লবের দাবি, শ্রেয়া দিনভর মোবাইলে আসক্ত থাকতেন এবং এই নিয়ে তাঁদের মধ্যে আগেও বহুবার অশান্তি হয়েছে। তাঁর অভিযোগ, এ দিন দুপুরেও শ্রেয়া মোবাইলে সম্ভবত পাবজি খেলছিলেন, যার ফলে সন্তানের দিকে তাঁর কোনও হুঁশ ছিল না।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মা শ্রেয়া মণ্ডল। পুলিশের জেরার মুখে তাঁর সাফাই, তিনি ফোনে ব্যস্ত ছিলেন না, বরং ঘরের জামাকাপড় গোছাচ্ছিলেন। সেই ফাঁকেই নজর এড়িয়ে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে চরম গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

