এনকাউন্টারে মৃত রতন শেখের দেহ এল রামপুরহাট মেডিক্যালে
নিজস্ব প্রতিনিধি: পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের রবিবার সন্ধ্যায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর দেহ বোলপুর মহকুমা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই আগামীকাল তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
মৃতদেহ নিতে পুলিশের সঙ্গে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন রতন শেখের দাদা সালাম শেখ। ভাইয়ের মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভাইয়ের সঙ্গে কী হয়েছে, তা আমি কীভাবে বলব? আপনারা তো সবই জানেন। ভাই অন্যায় করেছিল, পুলিশের কাজ পুলিশ করেছে।” তবে ভাইয়ের শরীরে কতগুলি গুলি লেগেছে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং গোটা বিষয়টি এড়িয়ে গিয়ে স্পষ্ট জানান, এই বিষয়ে তিনি আর কিছু বলতে পারবেন না।

