কনস্টেবলকে গুলি করার ৪৮ ঘণ্টার মধ্যেই নাটকীয় মোড়! ‘এনকাউন্টারে’ নিহত মূল অভিযুক্ত রতন শেখ
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই নাটকীয় মোড় নিল বীরভূমের তদন্ত। রবিবার সন্ধ্যায় নানুর এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মূল অভিযুক্ত রতন শেখের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। তবে রতনের গ্রেফতারি কিংবা ‘এনকাউন্টারে’ মৃত্যুর বিষয়ে জেলা পুলিশ-প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইকবাজার বাসস্ট্যান্ড লাগোয়া পাকুড়তলা এলাকায় দুই দুষ্কৃতীকে ধরতে অভিযানে গিয়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখেই আচমকা গুলি চালায় রতন শেখ ও তার সঙ্গী। বাঁ পায়ের হাঁটুর কাছে গুলি লেগে লুটিয়ে পড়েন কনস্টেবল বিশ্বজিৎ দাস। সুযোগ বুঝে অন্ধকারে চম্পট দেয় অভিযুক্তরা। আহত পুলিশকর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলার এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর আহত কনস্টেবলের চিকিৎসার খোঁজখবর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, ‘‘আইন আইনের পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’ সাহসিকতার জন্য আহত কনস্টেবলকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, নানুরের সাঁতরা গ্রামের বাসিন্দা রতন শেখের বিরুদ্ধে ত্রিশটিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিল সে। শুক্রবারের ঘটনার পর থেকেই তার খোঁজে জেলার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। রবিবার দুপুরে বিভিন্ন মহল থেকে খবর ছড়ায় যে, পুলিশ রতনকে গ্রেফতার করেছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রতনের মৃত্যু হয়েছে বলে খবর মেলে। এই ঘটনায় গোটা বোলপুর ও নানুর জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

