এক বছরের ব্যবধানে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি ডিগ্রি! চিকিৎসকের জোড়া রেজিস্ট্রেশন ঘিরে বিতর্ক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসার সম্পূর্ণ দুই পৃথক ধারার ডিগ্রি অর্জন এবং দু’টি আলাদা কাউন্সিলে নাম নথিভুক্ত করা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়াল রাজ্যের স্বাস্থ্য মহলে। কলকাতার এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি— উভয় চিকিৎসা পদ্ধতির ডিগ্রি অর্জন করেছেন এবং দুই কাউন্সিলেই তাঁর নাম নথিভুক্ত রয়েছে। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ডিগ্রি অর্জনের সময়কাল নিয়ে। নথি অনুযায়ী, দু’টি ভিন্ন ধারার ডিগ্রি অর্জনের মধ্যে সময়ের ব্যবধান মাত্র এক বছর!
বর্তমানে কলকাতায় নিজেকে ‘ডায়াবেটিস বিশেষজ্ঞ’ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ওই চিকিৎসক। সম্প্রতি তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ্যে আসতেই তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাস্থ্য ভবন ও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অন্দরে।
চিকিৎসক মহলের একাংশের প্রশ্ন, অ্যালোপ্যাথি (এমবিবিএস) এবং হোমিওপ্যাথি (বিএইচএমএস)— উভয় কোর্সই সাড়ে পাঁচ বছরের দীর্ঘমেয়াদী পাঠ্যক্রম। নিয়ম অনুযায়ী, দু’টি পূর্ণসময়ের ডিগ্রি কোর্স সমান্তরালভাবে করা সম্ভব নয়। সেক্ষেত্রে কীভাবে মাত্র এক বছরের ব্যবধানে তিনি দু’টি পৃথক চিকিৎসা ধারার ডিগ্রি লাভ করলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি, একসঙ্গে দু’টি ভিন্ন কাউন্সিলে নাম নথিভুক্ত রেখে প্র্যাকটিস করার বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে।
ইতিমধ্যেই এই নথিগুলি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। নথিগুলি আসল না কি এর পিছনে কোনো বড়সড় জালিয়াতি বা অনিয়ম রয়েছে, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। স্বাস্থ্য ভবন ও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
নথি অনুযায়ী, ২০০১ সালে হোমিওপ্যাথিতে ডিএইচএমএস ডিপ্লোমা অর্জনের পর রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিলে নাম নথিভুক্ত করেন ওই চিকিৎসক। এর পরের বছর, ২০০২ সালে এমবিবিএস পাশ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও রেজিস্ট্রেশন করান তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মাত্র এক বছরের ব্যবধানে কীভাবে দুই পৃথক চিকিৎসা শাখার এই দুই ডিগ্রি অর্জন সম্ভব হল? কীভাবেই বা দুই কাউন্সিলে তাঁর রেজিস্ট্রেশন সম্পন্ন হল? বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠেছে চিকিৎসক মহলে।
তবে ইতিমধ্যেই রাজ্যে ভুয়ো চিকিৎসক ও জাল শংসাপত্রের অভিযোগ সামনে আসায় চিকিৎসকদের যোগ্যতা যাচাইয়ে বড়সড় উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার নথিভুক্ত অ্যালোপ্যাথি চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও রেজিস্ট্রেশন খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

