৬ কোটি টাকার তোলাবাজি! শুভেন্দুর নির্দেশে গ্রেফতার বিজেপি নেতা
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজ্যে পালাবদলের মাত্র ছ’মাসের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত অভিজিৎ করণ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে তিনি এই বিপুল পরিমাণ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি কানে যেতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কড়া নির্দেশেই শনিবার নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা ওই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে অবাধ যাতায়াত ছিল অভিজিতের। একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগও রয়েছে। সেই প্রভাব খাটিয়ে এবং নিজেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে এলাকায় জাল বিছিয়েছিলেন তিনি। কখনো সরকারি চাকরি, কখনো আবার বড় কাজের বরাত পাইয়ে দেওয়ার ‘টোপ’ ফেলে বিভিন্ন জনের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৬ কোটি টাকা তোলেন বলে অভিযোগ।
সম্প্রতি দলের অন্দরেই এই প্রতারণার খবর জানাজানি হয় এবং তা পৌঁছয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কানে। নিজের জেলার নেতার এমন কীর্তির কথা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি। দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন শুভেন্দুবাবু।
শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পর গত ১১ নভেম্বর নন্দকুমার থানায় অভিজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিক। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়েছেন অভিজিৎ। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে পূর্ব মেদিনীপুর সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

