বিচারপতিদের নিয়ে মন্তব্যের জের, অভিষেককে শোকজ কলকাতা হাই কোর্টের
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এ বার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাও এই নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে সাংসদকে তাঁর বক্তব্যের সপক্ষে জবাব দিতে বলেছে আদালত।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তাঁর ওই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি ও আইনজীবী মহলে জোর বিতর্ক শুরু হয়। বিষয়টি কলকাতা হাই কোর্টের নজরে আনা হলে গত বৃহস্পতিবারই এ নিয়ে তীব্র উষ্মাপ্রকাশ করেছিল আদালত। সেই সময় বিচারপতি কৃষ্ণ রাও কড়া সুরে বলেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, অভিষেক তার তালিকা আদালতে পেশ করুন।
মঙ্গলবার এই মামলার শুনানিতে আরও এক ধাপ এগিয়ে কড়া পদক্ষেপ করল হাই কোর্ট। বিচারপতি রাও এ দিন পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য প্রাথমিক ভাবে ফৌজদারি আদালত অবমাননার শামিল। বিচারবিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করার এই অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, শোকজ নোটিসে তারই ব্যাখ্যা চাওয়া হয়েছে।
হাই কোর্টের এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে। ১৫ দিনের সময়সীমার মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ কী জবাব দেন এবং আদালতের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও আইনি মহল।

