বল তুলতে গিয়ে গর্তে পড়ে মৃত্যু দুই শিশুর
নিজস্ব প্রতিনিধিঃ বাড়ির পাশে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই খুদে ভাই। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ এলাকায়। মৃত দুই শিশুর নাম ইরফান হক (৫) এবং রিফাত ইসলাম (৩)। সম্পর্কে তারা কাকাতো ভাই ছিল। তরতাজা দুই প্রাণের এমন অকাল মৃত্যুতে গোটা গ্রামে শোকস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়ির পাশেই ফুটবল নিয়ে খেলা করছিল পাঁচ বছরের ইরফান এবং তিন বছরের রিফাত। খেলতে খেলতে আচমকাই তাদের বলটি গড়িয়ে বাড়ির পাশের একটি জলভর্তি গর্তে পড়ে যায়। ছোট্ট দুই শিশু সেই বলটি জল থেকে তুলতে গর্তের কিনারায় যায়। কিন্তু অসাবধানতাবশত পা পিছলে দু’জনেই ওই গভীর জলভর্তি গর্তের মধ্যে পড়ে যায়। আশপাশে কেউ না থাকায় তারা আর জল থেকে উঠে আসতে পারেনি।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি যখন ঘটে তখন দুই শিশুর পরিবারের অধিকাংশ সদস্যই বাড়িতে ছিলেন না। তাঁরা সকলে মাঠের কাজে ব্যস্ত ছিলেন এবং ধান কাটতে গিয়েছিলেন। দুপুরের পর পরিবারের লোকেরা কাজ সেরে বাড়ি ফেরেন। কিন্তু দীর্ঘক্ষণ ধরে বাড়ির উঠোনে বা আশপাশে ইরফান ও রিফাতকে দেখতে না পেয়ে তাঁরা চিন্তায় পড়ে যান। শুরু হয় জোরদার খোঁজাখুঁজি।
অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যদের নজর পড়ে বাড়ির পাশের ওই জলভর্তি গর্তের দিকে। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছুক্ষণ পর জল থেকে দুই শিশুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবার।

