বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বোলপুরের পর হীরাপুর, পুলিশকে লক্ষ্য করে চলল গুলি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
বোলপুরের পর হীরাপুর, পুলিশকে লক্ষ্য করে চলল গুলি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলের হীরাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বুধবার হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মাদার টেরেজা সরণিতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক মামলার অভিযুক্ত প্রতাপ দাসের ডেরায় অভিযান চালাতে গিয়েই এই বিপত্তির মুখে পড়েন তদন্তকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হীরাপুর থানার অধীনে আসানসোলের ইসমাইল এলাকার একটি ভাড়া বাড়িতে প্রতাপ দাসের পরিবার থাকে। সাইবার প্রতারণা ছাড়াও আরও বেশ কয়েকটি ফৌজদারি মামলায় নাম রয়েছে প্রতাপের। পুজোর আগেই জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু জেল থেকে বেরোনোর পর থেকেই কার্যত গায়েব হয়ে যান ওই অভিযুক্ত। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

বুধবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, দীর্ঘ পলাতক জীবন কাটিয়ে প্রতাপ ইসমাইলের ওই ভাড়া বাড়িতে ফিরেছেন। সেই খবরের ভিত্তিতেই এ দিন পুলিশকর্মীদের একটি দল মাদার টেরেজা সরণির ওই বাড়িটি ঘিরে ফেলে। অভিযোগ, পুলিশ বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে বুঝতে পেরেই ভিতর থেকে পরপর দু’রাউন্ড গুলি চালানো হয়। আচমকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ভয়ে ঘর থেকে বেরোননি।

যদিও এই ঘটনায় কোনো পুলিশকর্মী আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত প্রতাপ দাসকে ধরতে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে হীরাপুর থানার পুলিশ। বোলপুরের পর হীরাপুরে একই কায়দায় পুলিশি অভিযানের সময় গুলি চলার ঘটনায় জেলা পুলিশের নিরাপত্তা ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতাপের কাছে অস্ত্র এল কোথা থেকে? তাহলে কি বাড়িতেই মজুত ছিল? গোটা বাড়ি খতিয়ে দেখছেন আধিকারিকরা, বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে।

আরও জেলা খবর