বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পথ দুর্ঘটনায় জখম বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরালেন সিভিক ভলান্টিয়ার, মানবিকতার নজির শিবায়নের

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
পথ দুর্ঘটনায় জখম বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরালেন সিভিক ভলান্টিয়ার, মানবিকতার নজির শিবায়নের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাটঃ সিভিক পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগ উঠতে দেখা যায়। তবে সেই অভিযোগের মাঝেই সিভিক পুলিশের এক মানবিক মুখ সামনে এল রামপুরহাটে। পথ দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে তাঁর পরিবারের সন্ধান খুঁজে বের করা, সবেতেই মানবিকতার পরিচয় দিলেন রামপুরহাট সাব ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার শিবায়ন ভট্টাচার্য। তাঁর তৎপরতায় দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধ ফিরে পেলেন নিজের পরিবারকে। গতকাল রাতে রামপুরহাট নিউ টাউন সংলগ্ন রানিগঞ্জ ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে পথ দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধকে। বিষয়টি নজরে আসতেই নিউ টাউনে কর্মরত ম্যানেজার সাহেববাবু শিবায়ন ভট্টাচার্যকে ফোন করে খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টোটোতে করে ওই বৃদ্ধকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন তিনি। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দ্রুত চিকিৎসার অনুরোধ জানান। ওই বৃদ্ধের নাম কৃষ্ণ রাজওয়ার, বয়স আনুমানিক ৭৯ বছর। বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জের মাটিয়ারি এলাকায়। তাঁর পরিচয় জানতে পেরে পরিবারের খোঁজে নিজের ফেসবুকে ছবি ও ঠিকানা পোস্ট করেন শিবায়ন। বিভিন্ন জায়গায় যোগাযোগের পর অবশেষে পরিবারের সন্ধান মেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন এবং গত আশ্বিন মাসের ২ তারিখ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। বৃদ্ধের ছবি দেখে তাঁর ভাই ও দাদারা প্রথমে হতভম্ব হয়ে যান। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার কারণে তাঁরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। এমনকী তাঁদের মনে হয়েছিল, হয়তো ভাই আর বেঁচে নেই। কিন্তু শিবায়নের উদ্যোগে সেই হারানো ভাইকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার খবর যেন তাঁদের কাছে এক অবিশ্বাস্য প্রাপ্তি। আজ পরিবারের সদস্যরা রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছলে শিবায়ন ও হাসপাতালের কর্মীদের সহযোগিতায় ওই বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর ভাইকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, ভগবানের রূপেই যেন তাঁদের কাছে এসে পৌঁছেছিলেন সিভিক ভলান্টিয়ার শিবায়ন। তাঁকে দ্বিতীয় ভগবান বলে উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। জানা যায়, নিজের ডিউটির পাশাপাশি অসহায় মানুষের বিপদের খবর পেলেই ছুটে যান শিবায়ন। গতকাল বন্ধুর বিয়ে এবং অন্য এক রোগীকে ডায়ালিসিস করানোর কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন তিনি। সিভিক পুলিশের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের আবহে শিবায়নের এই মানবিক উদ্যোগ এক অন্য ছবি তুলে ধরল। দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর এমন মানসিকতাই সমাজে মানবিকতার বার্তা দেয়। তাঁর এই উদ্যোগে ফের প্রশংসিত হলেন রামপুরহাট সাব ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার শিবায়ন ভট্টাচার্য।

আরও জেলা খবর