বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

স্বদেশি প্রযুক্তিতে বুলেট ট্রেন, যাত্রীস্বাচ্ছন্দ্যে জোর

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
স্বদেশি প্রযুক্তিতে বুলেট ট্রেন, যাত্রীস্বাচ্ছন্দ্যে জোর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভারতের রেল পরিষেবায় আসতে চলেছে এক ঐতিহাসিক বদল। দেশের মাটিতে প্রথম হাইস্পিড বুলেট ট্রেন তৈরির কাজে বড়সড় সাফল্য পেল বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত আর্থ মুভার্স লিমিটেড’ বা বিইএমএল। মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরের জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক ‘ভারত ২৮’ বা ‘বি-২৮’ ট্রেনটি, যা আত্মনির্ভর ভারতের এক অনন্য নজির।

বেঙ্গালুরুর বিইএমএল কারখানা সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত এই বুলেট ট্রেনটির দৈর্ঘ্য হবে প্রায় ২০২ মিটার। আট কামরার এই বিশেষ ট্রেনে একসঙ্গে সর্বাধিক ৫৫৭ জন যাত্রী আরামদায়কভাবে সফর করতে পারবেন। আধুনিক ও গতিশীল ভারতের কথা মাথায় রেখে তৈরি এই ট্রেনে সাধারণ ট্রেনের তুলনায় যাত্রীস্বাচ্ছন্দ্যের বহর অনেক বেশি। শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ ক্ষমতাসম্পন্ন যাত্রীদের জন্য ট্রেনটিতে ২টি আসন সম্পূর্ণ সংরক্ষিত থাকছে। রেল কর্তারা জানিয়েছেন, নতুন এই ট্রেনে মোট সাতটি ‘স্ট্যান্ডার্ড ক্লাস’ কামরা এবং একটি বিলাসবহুল ‘এক্সিকিউটিভ ক্লাস’ কামরা থাকবে। ট্রেনটি যাতে যেকোনো মুখে সহজে চলতে পারে, তার জন্য এর দু’দিকেই থাকছে চালকের আধুনিক কেবিন।

যাত্রীদের আরামের কথা ভেবে কামরাগুলির অন্দরসজ্জায় বড়সড় রদবদল করা হয়েছে। সিটগুলির সামনে হাত-পা ছড়িয়ে বসার মতো প্রশস্ত জায়গা বা লেগ-রুম থাকছে। ট্রেনের ভেতরে থাকছে মৃদু ও চোখ-জুড়ানো এলইডি আলো। এ ছাড়া দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে কামরার ওপর এবং নিচের অংশে মালপত্র বা লাগেজ রাখার জন্য থাকছে সুনির্দিষ্ট ও নিরাপদ ব্যবস্থা।

রেল সূত্রে খবর, সম্পূর্ণ ভারতীয় আবহাওয়া ও ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি এই বুলেট ট্রেনের সর্বোচ্চ পরীক্ষামূলক গতিবেগ হবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার। তবে লাইনে এটি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার গতিতে বাণিজ্যিকভাবে যাতায়াত করবে। আগামী ২০২৭ সালের অগস্ট মাসের মধ্যেই এই মুম্বই-আহমেদাবাদ রুটে দেশের প্রথম স্বদেশি বুলেট ট্রেন চাকা গড়াবে বলে আশাবাদী রেল মন্ত্রক।

আরও দেশ খবর