ডোভালের উত্তরসূরি কি আর এন রবি? নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে জল্পনা
নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল আর এন রবিকে কেন্দ্র করে দেশের রাজধানী দিল্লির অলিন্দে তীব্র জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রাক্তন আইপিএস অফিসারকে বড় কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসতে অত্যন্ত আগ্রহী। রাজধানীর আমলা মহল সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের উত্তরসূরি হিসেবে মোদী সরকার বেছে নিতে পারে এই দুঁদে প্রাক্তন আমলাকে।
দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন অজিত ডোভাল। তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে খবর, শারীরিক অসুস্থতা এবং বয়সজনিত কারণে বেশ কিছুদিন আগেই তিনি এই গুরুদায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কাছে। ডোভালের এই বার্তার পর থেকেই সাউথ ব্লকের প্রশাসনিক অন্দরে তাঁর যোগ্য উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর সেই সম্ভাব্য নামের তালিকায় সবার উপরে উঠে এসেছে রবীন্দ্রনাথ রবির নাম।
প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবির কাজের ট্র্যাক রেকর্ড অত্যন্ত পোক্ত।
রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার আগে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি বা উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। উত্তর-পূর্ব ভারতের শান্তি প্রক্রিয়া এবং বিশেষ করে নাগাল্যান্ডের শান্তি চুক্তির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে জাতীয় নিরাপত্তার খুঁটিনাটি তাঁর নখদর্পণে।
যদিও রবিকে ঠিক কোন পদে আনা হচ্ছে, তা এখনও সরকারিভাবে স্পষ্ট করেনি কেন্দ্র। তবে দিল্লির উচ্চপদস্থ আমলাদের একাংশের মতে, ডোভালের ডেপুটি হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা এবং রবির প্রশাসনিক দক্ষতার কথা মাথায় রেখেই তাঁকে দেশের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ প্রধানমন্ত্রী। এখন দেখার, তামিলনাড়ুর রাজভবন ছেড়ে রবি দিল্লির সাউথ ব্লকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারে বসেন কি না।

