বারাণসীতে গঙ্গার ওপর তৈরি হচ্ছে দোতলা ‘নমো ব্রিজ’, ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের পুণ্যভূমি বারণসীতে গঙ্গা নদীর ওপরে নির্মিত হতে চলা বহুপ্রতীক্ষিত নতুন সেতুটির নামকরণ হতে চলেছে ‘নমো ব্রিজ’। শনিবার এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ এবং সংলগ্ন কাশী রেল স্টেশন পরিদর্শন করার পর এই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নমো ঘাটের কাছেই সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই সেতুটি।
রেল সূত্রে খবর, প্রায় ১,২০০ কোটি টাকা ব্যয়ে গঙ্গা নদীর ওপর এই বিশাল সেতুটি গড়ে তোলা হচ্ছে। আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম নিদর্শন হতে চলা এই ব্রিজটি হবে মূলত ‘ডবল ডেকার’ বা দুই তলের। এর উপরের অংশে থাকবে একটি চওড়া ৬ লেনের হাইওয়ে, যা সড়ক যোগাযোগ ব্যবস্থাকে এক ধাক্কায় অনেকটা মসৃণ করবে। অন্য দিকে, ব্রিজের নীচের অংশে থাকবে ৪টি রেলওয়ে ট্র্যাক বা রেললাইন, যার ফলে এই রুটে ট্রেন চলাচলের গতি ও সংখ্যা দুই-ই বাড়ানো সম্ভব হবে।
এদিন পরিদর্শনে এসে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী ১০০ বছরের পরিবহণ ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং চাপ নেওয়ার কথা মাথায় রেখেই এই ব্রিজটির নকশা তৈরি করা হয়েছে। এটি বারণসী তথা গোটা উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থার ভোল বদলে দেবে। মন্ত্রী আরও আশ্বস্ত করেছেন যে, আগামী ৩ বছরের মধ্যেই এই নমো ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে।
সেতু পরিদর্শনের পাশাপাশি এদিন কাশী স্টেশনটির আধুনিকীকরণ নিয়েও কথা বলেন রেলমন্ত্রী। তিনি জানান, কাশী স্টেশনটিকে একটি অত্যাধুনিক ‘মডেল স্টেশন’ হিসাবে গড়ে তোলা হচ্ছে। নতুন নমো ব্রিজ হয়ে আসা ট্রেনগুলি সরাসরি এই কাশী স্টেশনেই প্রবেশ করবে। এই জোড়া প্রকল্পের কাজ শেষ হলে বারণসীর পর্যটন শিল্প এবং রেল যোগাযোগ ব্যবস্থা, উভয় ক্ষেত্রেই এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

