চিত্তের বিক্ষেপ?
মানুষের মধ্যে বিশেষ বস্তু হলো হিতাহিত বিচার ক্ষমতাযুক্ত বুদ্ধি। অন্যান্য সবকিছু ইতর জন্তু ও মানুষের সাধারণ গুণ। সেই জন্যই মানুষ সকল প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বুদ্ধি বিহীন মানুষ পশুরও অধিক। কারণ, দেখা যায়, প্রত্যেক পশুর মধ্যে কোনও একটি ইন্দ্রিয় বিশেষ প্রখর। সেই কারণেই সে পশু। মানুষের মধ্যে এইরূপ পাঁচটি ইন্দ্রিয় প্রখর, কিন্তু মানুষের বুদ্ধি এইসব ইন্দ্রিয়গুলিকে হিতাহিত বিচারের দ্বারা নিয়ন্ত্রণ করে ও তাদের কর্মে প্রবৃত্ত করায়। তা না হলে একজন মানুষ পাঁচটি পশুর সমান। বুদ্ধিই মানুষের হুঁশ। মানুষের "মান" হলো তার অন্তর্নিহিত অনন্ত ঈশ্বরীয় সত্তা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মান ও হুঁশ এই দুটো নিয়েই ঠিক ঠিক মানুষ। মহাভারতে বকরূপী যক্ষ মহারাজ যুধিষ্ঠির কে প্রশ্ন করলেন—ক্ষত্রিয়গণের দেবভাব, সাধুভাব ও অসাধুভাব বা পশুভাব বলতে কী বোঝায়? তার উত্তরে যুধিষ্ঠির বককে বললেন, ক্ষত্রিয়গণের অস্ত্রশস্ত্র দেবভাব,যজ্ঞ সাধুভাব,ভয় মনুষ্যভাব এবং পরিত্যাগ অসাধু বা পশুভাব। বুদ্ধির কর্ম হলো ভালো মন্দ, হিতাহিত বিচার করা। বুদ্ধির যদি সে ক্ষমতা লোপ পায়, তাহলে তার কি ভয়াবহ পরিণতি তা আর বলার অপেক্ষা রাখে না। বুদ্ধি নিশ্চয়াত্মক। এই বুদ্ধি আরও শুদ্ধ ও পবিত্র হলে তা ধীশক্তিতে পরিণত হয়। তমোগুণ বুদ্ধির নিকৃষ্ট মল। বুদ্ধি তমোগুণে অভিভূত হলে তার কর্মক্ষমতা লোপ পায়। কিন্তু সত্বগুণের বশবর্তী হলে বুদ্ধি শুদ্ধ হয় পবিত্র হয় তখন সেখানে প্রজ্ঞার উৎপত্তি হয়। এই বুদ্ধিই চৈতন্য শক্তির প্রতিফলক। সত্বগুণের উদয় হলে মানুষ ঈশ্বর চিন্তা করে। তমোগুণের প্রভাবে মন পশুভাব অবলম্বন করে। তখন মনে নানা বৃত্তির উদয় হয়, মন বিভ্রান্ত হয়, এর নাম চিত্তের বিক্ষেপ। চিত্ত বিক্ষেপের লক্ষণ হল দুঃখ, মন খারাপ হওয়া, শরীর কম্পন, অনিয়মিত শ্বাস-প্রশ্বাস ইত্যাদি।

