ভিনরাজ্যে বাস দুর্ঘটনা, প্রাণ গেল জলপাইগুড়ির শ্রমিকের
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়ে ফের একবার মর্মান্তিক পরিণতি হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। উত্তরাখণ্ডে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন জলপাইগুড়ির বাসিন্দা রাজ রায়। ৪৫ বছর বয়সী ওই শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ির দক্ষিণ নাজিরপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের গুলার বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ির রাজ রায়ও।
পরিবার সূত্রে খবর, সংসারের হাল ধরতে বেশ কিছুদিন আগেই উত্তরাখণ্ডে পাড়ি দিয়েছিলেন রাজ। সেখানে একটি টানেল নির্মাণের কাজে যুক্ত ছিলেন তিনি। আর পাঁচটা দিনের মতোই কাজে যাচ্ছিলেন, কিন্তু পথেই ঘটে গেল এই মর্মান্তিক বিপদ।
মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ড পুলিশের তরফ থেকে জলপাইগুড়ির বাড়িতে ফোন আসে। ফোনেই রাজের মৃত্যুসংবাদ জানানো হয় পরিবারকে। এই খবর এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা দক্ষিণ নাজিরপাড়া এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিবেশীরাও ভিড় জমান মৃত শ্রমিকের বাড়িতে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের এমন অকালমৃত্যুতে ফের একবার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন তাঁর দেহ জলপাইগুড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

