রতন শেখের এনকাউন্টারকাণ্ডে ঘটনাস্থলে সিআইডি ও ফরেনসিক দল
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: শান্তিনিকেতনের লায়েকবাজারে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনার পর পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত রতন শেখের। অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় রতন শেখ গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালায় পুলিশ।
এই ঘটনার তদন্তে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি ও ফরেনসিক দলের সদস্যরা। তাঁরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। অন্যদিকে, মৃত রতন শেখের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ময়নাতদন্তের আগে তাঁর দেহ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। ইতিমধ্যেই ময়নাতদন্তের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তবে তাঁর শরীরে ঠিক কতগুলি গুলি লেগেছিল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মৃতের দাদার অনুমান, তাঁর বুকে তিন থেকে চারটি গুলি লেগেছিল। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এরপর দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা।

