বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

স্কুলের চারতলার বারান্দা থেকে ঝাঁপ, আশঙ্কাজনক অষ্টম শ্রেণির ছাত্র

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
স্কুলের চারতলার বারান্দা থেকে ঝাঁপ, আশঙ্কাজনক অষ্টম শ্রেণির ছাত্র
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দমদম: স্কুল চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দমদমে। স্কুল ভবনের চারতলার বারান্দা থেকে নীচে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র। মঙ্গলবার সকালে যশোহর রোড সংলগ্ন একটি বেসরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রের নাম তানিস দাস। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও স্বাভাবিক ছন্দেই চলছিল স্কুলের পঠনপাঠন। ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা থেকে ১২টার মাঝামাঝি। সবেমাত্র চতুর্থ পিরিয়ডের ক্লাস শেষ হয়েছে। অভিযোগ, সেই সময় আচমকাই সকলের নজর এড়িয়ে স্কুল ভবনের চারতলার বারান্দায় চলে যায় তানিস। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে সে সোজা নীচে ঝাঁপ দেয়।

ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে আসে স্কুলের অন্য পড়ুয়া ও শিক্ষাকর্মীরা। তানিসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে। খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। বিন্দুমাত্র দেরি না করে স্কুলের তরফেই জখম ছাত্রকে তড়িঘড়ি নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উপর থেকে পড়ার ফলে তার শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লেগেছে এবং অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তানিসের পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশও। ঠিক কী কারণে অষ্টম শ্রেণির ওই পড়ুয়া এমন চরম পদক্ষেপ করল, তা এখনও স্পষ্ট নয়। পড়াশোনার চাপ নাকি অন্য কোনও মানসিক অবসাদ, তা খতিয়ে দেখতে স্কুলের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কথা বলছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে স্কুলের সিসিটিভি ফুটেজও।

আরও রাজ্য খবর