জলদস্যুদের ত্রাস যুদ্ধজাহাজ 'আইএনএস সুমেধা' আসছে কলকাতার ঘাটে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৌসেনা দিবস উপলক্ষে কলকাতার বুকে আসতে চলেছে ভারতীয় নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ‘আইএনএস সুমেধা’। আগামী ২০ নভেম্বর শহর কলকাতায় পৌঁছবে পূর্ব নৌসেনা কমান্ডের এই অত্যাধুনিক রণতরী।
নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, হুগলি নদী দিয়ে কলকাতার বন্দরে প্রবেশ করবে জাহাজটি। তবে একা নয়, হুগলি নদী দিয়ে আসার সময় নৌবাহিনীর বিশেষ প্যাট্রল ক্রাফট জাহাজটিকে পাহারা দিয়ে বা এসকর্ট করে নিয়ে আসবে। কলকাতায় পৌঁছনোর পর ভারতীয় নৌবাহিনীর তরফে আনুষ্ঠানিকভাবে ও বিশেষ মর্যাদায় স্বাগত জানানো হবে এই যুদ্ধজাহাজটিকে।
ভারতের জলসীমান্ত সুরক্ষায় ‘আইএনএস সুমেধা’-র ভূমিকা অপরিসীম। সমুদ্রপথে দেশের সীমানা পাহারা দেওয়ার পাশাপাশি জলদস্যুদের মোকাবিলায় এই যুদ্ধজাহাজ অত্যন্ত পারদর্শী। এর অত্যাধুনিক প্রযুক্তির সামনে জলদস্যুরা এক মুহূর্তও টিকতে পারে না। মাঝসমুদ্রে বীর বিক্রমে দাপিয়ে বেড়ায় এই ভারতীয় রণতরী।
প্রতি বছর নৌসেনা দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নৌবাহিনীর শক্তি প্রদর্শনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে এবার কলকাতাবাসীর সামনে আসছে ‘আইএনএস সুমেধা’। এই যুদ্ধজাহাজের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নৌবাহিনীর অন্দরে এবং শহরের মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শহরের বন্দরে রণতরীটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। সব মিলিয়ে নৌসেনা দিবসের আগে ‘আইএনএস সুমেধা’-র কলকাতা সফর ঘিরে সাজো সাজো রব পড়ে গিয়েছে।

