সর্বশেষ খবর
২৮ ফেব্রুয়ারির মধ্যে রোজভ্যালির টাকা ফেরতের নির্দেশ হাই কোর্টের
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রোজভ্যালি চিটফান্ড মামলায় ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় চরম ঢিলেমি ও প্রশাসনিক ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ডেডলাইন বেঁধে দিল আদালত। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই কড়া নির্দেশ দিয়েছে।
এ দিন শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘদিন কেটে গেলেও আমানতকারীরা তাঁদের কষ্টার্জিত টাকা ফেরত পাচ্ছেন না। টাকা ফেরানোর কাজের এই ধীর গতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। গতি বাড়াতে আদালত নির্দেশ দিয়েছে, এখন থেকে প্রতি মাসে কমিটিকে হাই কোর্টে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কমিটির কাজে গতি আনতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পরিকাঠামো এবং কর্মী দিয়ে সাহায্য করারও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নজরে আসে যে, রোজভ্যালির বহু সম্পত্তি এখনও বাজেয়াপ্ত করা যায়নি। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কেও কড়া নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, সংস্থার বাকি থাকা সমস্ত সম্পত্তি দ্রুত চিহ্নিত করে বাজেয়াপ্ত করার জন্য অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। এই প্রক্রিয়া শেষ হলে আরও বেশি পরিমাণ টাকা আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।
আইনজীবীদের একাংশের মতে, হাই কোর্টের এই কড়া মনোভাবের ফলে বছরের পর বছর ধরে ঝুলে থাকা রোজভ্যালি মামলার টাকা ফেরতের প্রক্রিয়ায় এবার গতি আসবে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন লক্ষ লক্ষ প্রতারিত আমানতকারী, যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের জমানো পুঁজি ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন।

