বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অষ্টম শ্রেণিতে উঠলেই সাইকেল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
অষ্টম শ্রেণিতে উঠলেই সাইকেল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: স্কুলপড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়ার প্রকল্পে বড়সড় বদল আনল রাজ্য সরকার। এতদিন নবম শ্রেণিতে উঠলে পড়ুয়ারা সাইকেল পেত, তবে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উঠলেই মিলবে বিনামূল্যে সাইকেল। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার শতাব্দী প্রাচীন মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে নতুন ‘সারথি’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিবর্তনের ফলে রাজ্যের প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়া সরাসরি উপকৃত হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

অতীতে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই প্রকল্পের নাম ছিল ‘সবুজসাথী’। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার সেই প্রকল্পের খোলনলচে বদলে নতুন নাম দিয়েছে ‘সারথি’। লোগো পরিবর্তনের পাশাপাশি সাইকেলের রঙেও বদল আনা হয়েছে। নীল-সাদা রঙের পরিবর্তে এবার পড়ুয়ারা পাবে কমলা রঙের সাইকেল। মুখ্যমন্ত্রী জানান, শুধু নাম বা রঙ বদল নয়, সাইকেলের গুণগত মান এবং পড়ুয়াদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন সাইকেলগুলিতে উন্নত মানের টায়ার ও জোরালো আলোর ব্যবস্থা থাকছে।
অনুষ্ঠানের মঞ্চ থেকে এ রাজ্যে সাইকেল উৎপাদন শিল্পের প্রসারেও এক বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, যে সমস্ত শিল্পগোষ্ঠী বা উৎপাদনকারী সংস্থা এই প্রকল্পের অংশ হয়ে পশ্চিমবঙ্গে সাইকেল তৈরির কারখানা গড়তে চায়, রাজ্য সরকারের তরফে তাদের সম্পূর্ণ বিনামূল্যে জমি দেওয়া হবে। আগে ভিন রাজ্য থেকে সাইকেলের যন্ত্রাংশ আনা হতো উল্লেখ করে তিনি জানান, তাঁর সরকার চায় এই সাইকেল সম্পূর্ণভাবে বাংলাতেই তৈরি হোক, যা স্থানীয় স্তরে কর্মসংস্থানও বৃদ্ধি করবে।
এদিন প্রকল্প উদ্বোধনের পর স্কুলের পড়ুয়াদের সঙ্গে এক টেবিলে বসে মিড-ডে মিলের দুপুরের খাবারও খান মুখ্যমন্ত্রী। মেনুতে থাকা ভাত, ডাল, তরকারি ও চাটনির স্বাদ নেন তিনি। একই সঙ্গে পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোবাইল ফোনের ব্যবহার কমানোর উপদেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও খবর