সর্বশেষ খবর
সমবায়ের কোটি কোটি টাকা তছরুপ, কৃষ্ণনগরে গ্রাহকদের তুমুল বিক্ষোভ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সমবায়ের কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে কৃষ্ণনগরের জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে এসে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক। সোমবার নদিয়ার ধানতলা থানার পাঁচবেড়িয়া এলাকা থেকে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা গ্রাহক কৃষ্ণনগরের কেন্দ্রীয় সমবায় দফতরে এসে চড়াও হন। তাঁদের অভিযোগ, সমবায় দফতর থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে একাধিক বার লিখিত অভিযোগ জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। আর সেই কারণেই তাঁরা আজ এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভকারী গ্রাহকদের অনেকেরই দাবি, সংশ্লিষ্ট সমবায় ব্যাঙ্কটিতে কষ্টার্জিত টাকা জমা রাখার পর, বিগত প্রায় তিন-চার বছর ধরে তাঁরা তাঁদের সেই জমানো টাকা তুলতে পারছেন না। ব্যাংকে টাকা তুলতে গেলেই তাঁদের নানারকম অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। চরম আর্থিক সঙ্কটের মুখে দাঁড়িয়েও নিজেদের টাকা ফেরত না পাওয়ায় গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র ক্ষোভ জমছিল। সোমবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে সমবায় দফতরের সামনে।
আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, কর্তৃপক্ষের তরফে টাকা ফেরতের দ্রুত ও সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাঁরা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছন জেলার সমবায় দফতরের পদস্থ আধিকারিকেরা। তাঁরা উত্তেজিত গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত এই জট কাটানোর আশ্বাস দেন। আধিকারিকদের কাছ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়ার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গ্রাহকেরা শান্ত হয়ে ফিরে যান। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না মিললে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা।

