বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কোচবিহার থানার মালখানায় ইঁদুরের উৎপাত, সাবাড় হচ্ছে বাজেয়াপ্ত গাঁজা!

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
কোচবিহার থানার মালখানায় ইঁদুরের উৎপাত, সাবাড় হচ্ছে বাজেয়াপ্ত গাঁজা!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: পাচারকারীদের হাত থেকে গাঁজা উদ্ধার করে তো নিয়ে আসছে পুলিশ। কিন্তু সেই বাজেয়াপ্ত গাঁজা সামলাতে গিয়েই এ বার রীতিমতো কালঘাম ছুটছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকর্মীদের! নেপথ্যে কোনও কুখ্যাত পাচারকারী চক্র নয়, বরং থানার মালখানায় বাসা বাঁধা একদল ইঁদুর। কোতোয়ালি থানার ইঁদুররা যে এমন ‘গাঁজাপ্রেমী’ হয়ে উঠবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি উর্দিধারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কোচবিহার জেলা জুড়ে মাদকবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ। সীমান্ত এলাকা থেকে শুরু করে শহরের নানা প্রান্তে হানা দিয়ে বস্তা বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। গত ১৫ দিনে মোট আটটি মামলা রুজু হয়েছে, যার মধ্যে আট জন পুরুষ ও ছয় জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আনুমানিক ১২০০ কেজি গাঁজা গাছ ধ্বংস করার পাশাপাশি আলাদা করে প্রায় ৭০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আইনি নিয়ম মেনেই সেই বিপুল পরিমাণ বাজেয়াপ্ত গাঁজা বস্তাবন্দি করে রাখা হয়েছে কোতোয়ালি থানার মালখানায়। কিন্তু বিপত্তি বেধেছে সেখানেই। প্রতিদিন সকালে মালখানার দরজা খুলতেই চোখ কপালে উঠছে পুলিশকর্মীদের। দেখা যাচ্ছে, ইঁদুরের দল বস্তা ও প্যাকেট কেটে গাঁজা ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। বাধ্য হয়ে রোজই সেই ছড়ানো গাঁজা কুড়িয়ে ফের নতুন করে প্যাকেটবন্দি করতে হচ্ছে পুলিশকর্মীদের।

পুলিশ মহলের ধারণা, গাঁজার তীব্র গন্ধেই আকৃষ্ট হচ্ছে ইঁদুরের দল। থানার অন্দরে রসিকতাও চলছে যে, বিনাপয়সায় নেশা করে দিব্যি ফিরে যাচ্ছে তারা। এক পুলিশকর্মী তো হেসেই ফেললেন, ‘‘গাঁজা ধরাটাই এখন সহজ কাজ হয়ে গিয়েছে, আসল কঠিন কাজ হল তা সামলানো। রোজ প্যাকেট ঠিক করে রাখি, পরের দিন দেখি আবার কাটা। মনে হচ্ছে ইঁদুরগুলোও গাঁজার নেশা ধরে ফেলেছে।’’ আপাতত আদালতের নির্দেশ না আসা পর্যন্ত এই ‘নেশাতুর’ ইঁদুরদের হাত থেকে বাজেয়াপ্ত গাঁজা বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোতোয়ালি থানার পুলিশের কাছে।

আরও জেলা খবর