বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

নেপাল-বাংলাদেশের চেয়ে খারাপ দশা হবে: কংগ্রেস মন্ত্রীর মন্তব্যে সরগরম রাজনীতি

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬
নেপাল-বাংলাদেশের চেয়ে খারাপ দশা হবে: কংগ্রেস মন্ত্রীর মন্তব্যে সরগরম রাজনীতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সাম্প্রতিক ছাত্রবিক্ষোভ এবং রাজনৈতিক পটপরিবর্তনকে হাতিয়ার করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। একদিকে বিজেপি যখন বিরোধী শিবিরের বিরুদ্ধে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনছে, ঠিক তখনই ঝাড়খণ্ডের প্রভাবশালী কংগ্রেস নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী ইরফান আনসারির একটি বিতর্কিত মন্তব্য গেরুয়া শিবিরের হাতে নতুন অস্ত্র তুলে দিল। আনসারি প্রকাশ্যে দাবি করেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইশারা করলেই ভারতের পরিস্থিতি নেপাল বা বাংলাদেশের থেকেও ভয়াবহ আকার ধারণ করবে।

রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। এর আগে আইসা (AISA) প্রধান নেহা বোরা মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের ছাত্রবিক্ষোভই তাঁদের আন্দোলনের মূল অনুপ্রেরণা। অন্যদিকে, প্রবীণ আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণও মন্তব্য করেছিলেন যে, দেশে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনই তাঁদের মূল উদ্দেশ্য। বিরোধীদের এই সমস্ত পুরনো মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে পদ্ম শিবিরের তরফ থেকে ‘গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও’ পদযাত্রাও শুরু করা হয়েছে। এই আবহে ঝাড়খণ্ডের মন্ত্রীর মন্তব্য বিজেপির আক্রমণকে আরও জোরালো করল।

কংগ্রেস মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে পালটা আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটা কোনও সাধারণ মন্তব্য নয়। এই মন্তব্যকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। এভাবে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিষেদগার করার বা হুমকি দেওয়ার অধিকার কাউকে দেওয়া উচিত নয়। এটি অত্যন্ত কাণ্ডজ্ঞানহীন মন্তব্য এবং এর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস মন্ত্রীর এই ধরনের মন্তব্য বিরোধী জোটকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলতে পারে। অন্যদিকে বিজেপি এই বক্তব্যকে হাতিয়ার করে দেশজুড়ে প্রচার আরও তীব্র করার কৌশল নিচ্ছে।

আরও দেশ খবর