মায়ের ইচ্ছাই জয়ী হবে
মায়ের খেলা অচিন্তনীয়, বুদ্ধির অগম্য, কারণ আমরা আমাদের ক্ষুদ্র সীমিত দৃষ্টিভঙ্গি থেকে সবকিছুকে বিচার করে যাই। আমাদের আধ্যাত্মিক জগতের মুনিঋষিদের উপলব্ধজাত প্রত্যয় থেকে বলা যায়, যারা মায়ের ইচ্ছার সঙ্গে দৃঢ়ভাবে সংলগ্ন হয়ে থাকে তাদের কখনো দুঃখ ভোগ করতে হয় না। কিন্তু এটা খুবই দুঃখের কথা যে , আমরা আমাদের ছোট ছোট ব্যাপার ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দগুলি নিয়েই মত্ত থেকে এত কষ্ট পাই। প্রাচীন ঋষিরা এটা অনুভব করেই গেয়েছিলেন—"নাল্পে সুখমস্তি,ভূমৈব সুখম্।" যখন আমরা সকল ক্ষুদ্রতা এবং তুচ্ছতা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসে সচ্চিদানন্দসমুদ্রে ঝাঁপ দিতে পারি, একমাত্র তখনই জীবন অবিচ্ছিন্নভাবে আনন্দময় হয়ে ওঠে এবং বাহ্য প্রকৃতিকে অপার্থিব বলে মনে হয়। "কাঁচা আমি"-র খোলস ছেড়ে বেরিয়ে চৈতন্যঘন সত্তায় প্রবেশই হলো দেবত্ব। আমরা যে মায়ের আরাধনা করলাম বা আরাধনা করি সেই মা হচ্ছেন চৈতন্য ঘনসত্তা। আর এটাই হলো ভারতবর্ষের শাশ্বত বাণী। আচার্য শংকর বললেন, "সহস্র কোটি শাস্ত্রগ্রন্থে যা বলা হয়েছে, আমি মাত্র অর্ধেক শ্লোকে তোমাকে তাই বলছি এবং তা হল—"ব্রহ্মই একমাত্র সত্য এবং জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়।" আমরা মারামারি করি, ঝগড়া করি, অভিযোগ করি, জোর করে আমাদের অভিমত অপরের উপর চাপাতে চেষ্টা করি কিন্তু কিসের জন্য? কারণ আমাদের মধ্যে যে পশুটা বাস করে তাকে কতকগুলি শুকনো খড় খাওয়ানোর জন্য! এই সংগ্ৰাম যখন চলতে থাকে, তখন আমাদের মধ্যে যে মা অবস্থান করছেন আমরা তাঁকে ভুলে যাই, অবহেলা করি। ভগবান যেন সকলকে বলেন—"আমি তোমার জন্য মানুষ হয়েছি, এখন তুমি আমার জন্য দেবতা হও।" এই আদর্শকে যখন আমরা রূপায়িত করার চেষ্টা করি তখন আমাদের জীবনটাই এক মহান ব্রত হয়ে দাঁড়ায়। আর এই মহান ব্রতের উদযাপনকে আমাদের জীবনের চরম লক্ষ্য বলে যদি একবার স্থির করে ফেলতে পারি তখন আমাদের জীবনটাই আমাদের কাছে এবং অন্যের কাছে এক আশীর্বাদ এর মত হয়ে দাঁড়ায়।

