দুর্যোধনেরা এখনোও!
বশিষ্ঠমুনি তাঁর পাপমোচনের সূত্রে তৎকালীন যুগের কতকগুলি পাপের নমূনা দিয়েছেন। যেমন শরীরের মাধ্যমে করা পাপ— যা বয়ং চকৃমা তনূভিঃ। পশুখাদক চোরেরা খাবার জন্য যে পশু চুরি করে নিয়ে যায় এটা একটা পাপ। গোরুর বাচ্চা বা বাছুরকে দড়ি দিয়ে বেঁধে রাখা এটাও একটা পাপ। এই তালিকায় শেষ পাপের যে কথাটা বলেছেন সেটি এই সময়েও ভীষণ বাস্তব। ইচ্ছা না থাকলেও যে পাপ কখনও কখনও অন্যের প্রভাবে তৈরি হয় সে কথা জানিয়ে বশিষ্ঠ বলছেন —এমনও তো পাপ আছে, যা আমি নিজে করিনি বা করতে চাইনি, হয়তো সে পাপ ভ্রমবশত ভুল বোঝাবুঝির জন্য হয়েছে, অথবা হঠাৎ মাথা গরম করে রেগে গিয়েছি বলে হয়েছে, মদ খেয়েছি বলে অথবা পাশা জুয়া খেলতে গিয়ে —ধ্রুতিঃ সা সুরা মন্যর্বিভীতকো অচিত্তিঃ। এছাড়া এমনও তো হয় বড়রা ছোটদের অন্যায় পথে নিয়ে যায়। এক নাম না জানা কবি মানুষের খারাপ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে বলেছেন —কেউ অজ্ঞানবশত না জেনে, না বুঝে অন্যায় কাজ করে, খারাপ হয়ে যায়। কেউ খারাপ হয়ে যায় প্রমাদবশত মদ খেয়ে জুয়া খেলে। আর কিছু লোককে খারাপ করে দেয় খারাপ লোকেরা —কেচিন্নষ্টৈস্তু নাশিতাঃ। খারাপ লোকেরা খারাপ করে দিচ্ছে এই উদাহরণ পৃথিবীতে খুব কম নেই। তার মধ্যে আছে নিজের শক্তি, ক্ষমতা,অর্থ, বংশগৌরব, অহংকার —এগুলি অদ্ভুত পরোক্ষতায় মানুষকে খারাপ হতে সাহায্য করে। এগুলি মানুষের মনকে এমন ভঙ্গুর, নরম এবং গরম করে রাখে যে ইন্ধন পেলেই অন্যায়ের জায়গা তৈরি হয়ে যায়। যুধিষ্ঠির বলেছেন —আমরা কোন অন্যায় না করা সত্ত্বেও দুর্যোধন চিরকাল আমাদের সঙ্গে ছলনা করেছে, বিদ্বেষ এবং শঠতার প্রয়োগ করেছে আমাদের উপরে—সদৈব নিকৃতিপ্রজ্ঞো দ্বেষ্টা মায়োপজীবনঃ—অথচ আমরা তাদের কখনও কোন অপকার করিনি, চিরকাল ওপর ওপর একটা মৌখিক ভদ্রতা দেখিয়ে তারা অসভ্যতা করে গেছে আমাদের সঙ্গে —মিথ্যাবিনীতঃ সততমস্মাসু অনপকারিষু। যুধিষ্ঠির বলেছেন, দুর্যোধনের জন্যই আমাদের সমস্ত বংশটাই শেষ হয়ে গেল। তার জন্যই আমাদের যুদ্ধ করতে হলো এবং যেসব মানুষকে হত্যা করা উচিত ছিল না তাদেরও আজ হত্যা করতে হলো। ঘটনা যেটা ঘটলো—দূর্যোধন সবাইকে নিয়ে নিজেও শেষ হয়ে গেল, আমাদেরও শেষ করে গেল—অশংসয়ং ক্ষয়ং রাজা যথৈবাহং তথা গতঃ।

