কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা
একটি শিক্ষামূলক কাহিনীর উল্লেখ করব— একবার একই রকম শারীরিক ও মানসিক যন্ত্রণায় দগ্ধ দশজন মানুষ নিজেদের মধ্যে নানা বিভেদ থাকা সত্ত্বেও একত্রিত হয়ে নিজেদের রোগমুক্তির জন্য অবতার পুরুষের কাছে গিয়ে একসঙ্গে প্রার্থনা করলেন। অবতার পুরুষের কৃপায় দশ জনই রোগমুক্ত হলেন। কিন্তু তাদের মধ্যে মাত্র একজন অবতার পুরুষের কাছে ফিরে এসে তাঁর শ্রীচরণে মাথা নত করে দীনতা ও কৃতজ্ঞতা স্বীকার করলেন। তিনি বারবার বলতে লাগলেন প্রভু, আপনার কৃপায় আমি আরোগ্য লাভ করেছি। কিন্তু বাকি নয় জন? তারা কোথায় গেলেন? তারা তো সকলেই আরোগ্য লাভ করেছেন। প্রভুর এই প্রশ্নের উত্তর দেবার মত কিছুই ছিল না ওই কৃপাপ্রার্থীর। কারণ তিনি জানেন বাকি নয়জন প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য ফিরে আসতে চাননি, তারা সকলেই আনন্দে নিজ নিজ গৃহে ফিরে গেছেন। ওই কৃতজ্ঞ কৃপাপ্রার্থীকে অবতার পুরুষ বললেন, তুমিও চলে যাও কারণ আমার কৃপায় নয়, তুমি তোমার নিজের বিশ্বাসের গুণেই আরোগ্য লাভ করেছো। এই কাহিনী আমাদের সমাজে প্রতিনিয়ত চলছে। অকৃতজ্ঞতার মত দীনতা আর কি হতে পারে? আমরা দীনহীন হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সে প্রার্থনা পূরণ হয়ে গেলে আর তাঁর দিকে ফিরে তাকাই না, তাঁকে দূরে ঠেলে দিই, দিনে দিনে আবার বিস্মরণের ধুলো জমাই। জীবনভর তিনি শুধুই দেবেন, না চাইলেও দেবেন। বিনিময়ে আমরা কিছুই দেব না। অন্তরের কৃতজ্ঞতাটুকু দিতেও আমাদের কার্পণ্য। যার কৃতজ্ঞতা নেই সে দীনের অধম। এই সম্পর্ক শুধু ঈশ্বরের সঙ্গে মানুষের নয়, মানুষের সঙ্গে মানুষের মধ্যেও সম্পর্কের ক্ষেত্রে এই অকৃতজ্ঞতার প্রচুর উদাহরণ প্রতিদিন লক্ষ্য করা যায়। যে অহংকারী সে প্রার্থনা করতে পারে না। মাথা উঁচু করে ধর্ম লাভ হয় না। অহংকারী মানুষেরাই হয় অকৃতজ্ঞ। তারা শুধু আত্মস্তুতি ও বাগাড়ম্বর করতেই জানে। কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ বিচারক বললেন, যে নিজেকে বড় করবে তাকে নিচু করা হবে আর যে নিজেকে নত করবে তাকেই উঁচু করা হবে। তাই সাধু সাবধান!

