আমার কোনটিই নয়
"ঈর্ষী ঘৃণী ন সন্তোষঃ ক্রোধনো নিত্যশঙ্কিতঃ। পরভাগ্যোপজীবী যে ষড়েতে দুঃখভিগিনঃ।।" দুঃখের ছয়টি কারণের কথা বলা হয়েছে এই সুভাষিতে। এগুলি হলো —ঈর্ষা, ঘৃণা, অসন্তোষ, ক্রোধ, শঙ্কা ও পরাধীনতা। "দুখ পাওয়ে তে হরিভজে সুখে না ভজে কোই। সুখমে যো হরি ভজে দুখ কাহাসে হোই।।" অর্থাৎ দুঃখ পেলে আমরা হরিকে ডাকি সুখের সময় কেউ ডাকি না। সুখের সময়ে যিনি হরি ভজনা করেন তার দুঃখ আসবে কোথা থেকে? "সুখস্য দুঃখস্য ন কোহপি দাতা পরো দদাতীতি কুবুদ্ধিরেষা। অহং দদামীতি বৃথাভিমানো স্বকর্মসূত্র গ্ৰথিতো হি লোকঃ।।" অর্থাৎ সুখ-দুঃখের কেউ দাতা নেই। যদি মনে করি অন্য কেউ আমার আপনার সুখ- দুঃখের জন্য দায়ী, তাহলে কুবুদ্ধিবশতঃ একথা ভাবছি। আবার যদি মনে করি আমি নিজেই নিজের সুখ-দুঃখকে সৃষ্টি করেছি তাহলে বুঝতে হবে, আমার অহংকার হয়েছে, তাই এই ভাবনার উদয় হয়েছে। তাহলে এই সুখ-দুঃখের নির্মাতা কে? উত্তরে বলা হচ্ছে আমার আপনার কৃতকর্মই এর জন্য দায়ী। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। "রোগ শোক পরিতাপ বন্ধন ব্যসনানি চ। আত্মাপরাধবৃক্ষাণাং ফলান্যেতানি দেহিনাম্।।" অর্থাৎ রোগ,শোক,মনস্তাপ, বন্ধন,আসক্তি ইত্যাদি সবই নিজের অপরাধবৃক্ষের ফল। "আশা হি পরমং দুঃখং নৈরাশ্যং পরমং সুখম্। যথা সংছিদ্য কান্তাশাং সুখং সুষ্বাপ পিঙ্গলা।। অর্থাৎ আশা পরম দুঃখ, নিরাশা বা বাসনাহীনতাই পরম সুখ। পিঙ্গলা নাম্নী নারীকে যেমন দেখা যায় স্বামীর জন্য বাসনা ত্যাগ করে সুখে নিদ্রা যাপন করেছিলেন। "অনন্তং বত মে বিত্তং যস্য মে নাস্তি কিঞ্চন। মিথিলায়াং প্রদীপ্তায়াং ন মে কিঞ্চিৎ প্রদহ্যতি।।" এটি মহাভারতের শান্তি পর্বের একটি শ্লোক। এখানে বলা হচ্ছে, আমার অনন্ত সম্পদ থাকলেও আমি জানি যে প্রকৃতপক্ষে এসবের কোনোটিই আমার নয়। সেজন্য মিথিলা নগরী ভূষ্মীভূত হয়ে গেলেও তা আমাকে দগ্ধ করতে পারছে না।

