বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

দীর্ঘ রোগের মহৌষধ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬
দীর্ঘ রোগের মহৌষধ
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

যোগবাসিষ্ঠে বলা হয়েছে, আমি কে, এই সংসারবন্ধনই বা কার— এইরূপ দৃঢ় বিচারই সংসাররূপ দীর্ঘ রোগের মহৌষধ। কারণ বিচার দ্বারাই এই সংসার ভ্রান্তি দূর হয়ে থাকে। " সংসারদীর্ঘরোগস্য সুবিচারমহৌষধম্।" মুমুক্ষু ব্যক্তি সদা বিচারপরায়ণ হবেন। অজ্ঞানরূপ অন্ধকূপে পতিত পুরুষের বিচারই একমাত্র অবলম্বন বা আশ্রয়। যোগবাসিষ্ঠ রামায়ণের মুমুক্ষুপ্রকরণের টীকায় পঞ্চবিধ বিচারের কথা উল্লেখ করা হয়েছে। এগুলি হলো—১) অর্থ অনর্থ বিচার, ২) সারাসার বিচার, ৩) হেয়োপাদেয় বিচার, ৪) প্রমাণতাৎপর্যনিরীক্ষণ বিচার এবং ৫) আত্মতত্ত্বনিরীক্ষণ বিচার। কীরূপে পরমার্থলাভ হবে ও অনর্থের কারণ কী, এটা বিচার করে শাস্ত্রবিহিত অনুষ্ঠানেই কল্যাণ নিশ্চিত করে কর্মসম্পাদন করতে হবে। এরপর সংসারে সারবস্তু কী, অসার বস্তুই বা কী তা বিচার করতে হবে। বিষয় অনিত্য ও দুঃখদায়ী, সেই কারণে তা অসার। একমাত্র পরমাত্মাই সার বস্তু— এইরূপ নিশ্চয় করতে হবে। এইরূপ উপলব্ধি হলে বিচার করতে হবে যে, নিত্য বস্তু পরমাত্মাই একমাত্র উপাদেয় অর্থাৎ গ্ৰাহ্য। অনিত্য সব বস্তু হেয় অর্থাৎ ত্যাজ্য। প্রমাণ বেদান্ত শাস্ত্র। এই শ্রবণরূপ জ্ঞানের সাধন থেকেই মুখ্য বিচার আরম্ভ হয়। এই শ্রবণ দ্বারা প্রমাণগত সংশয় নিবৃত্তি হয়। সবশেষে আত্মতত্ত্বনিরীক্ষণ বিচার হলো মননকোটির অন্তর্গত। এর দ্বারা প্রমেয়গত সংশয় দূর হয়। এটি ক্রমশ নিদিধ্যাসনে পরিণত হয়। নিদিধ্যাসন দ্বারা বিপরীত ভাবনা দূর হলে মহাবাক্যপ্রভাবে অপরোক্ষ জ্ঞানের উদয় হয়।

আরও বোধিবৃক্ষ খবর