অধমর্ণদের ক্ষমা কর
আমরা ঈশ্বরের কাছে আমাদের ঋণের জন্য ক্ষমা প্রার্থনা করি। অবশ্যই কেবল কৃতজ্ঞরা। অকৃতজ্ঞরা কারোও ঋণ স্বীকার করে না। যারা ঈশ্বরে বিশ্বাসী,তারা নিশ্চয়ই অধমর্ণ হিসাবে ঈশ্বরের কাছে কৃতকর্মের জন্য মার্জনা প্রার্থনা করে। কিন্তু আমরা যদি অন্যের ত্রুটি মার্জনা করতে না পারি তাহলে কোন্ মুখে ঈশ্বরকে বলব যে আমাদের দোষ মার্জনা করো ? পরস্পর এই মার্জনার মধ্য দিয়েই মানবমৈত্রী। যে যত বেশি ঈশ্বরপরায়ণ, সে তত বেশি ক্ষমাশীল। ভাবতে হবে এই জীবনে ঈশ্বরের ইচ্ছাই তো পূর্ণ হয়েছে তবে আর আমার ক্ষোভ কেন, আক্রোশ কেন ? অসূয়া কেন? আমি যদি ঈশ্বরকে ভালবেসে থাকি, তবে তো আমি তার প্রতিনিধি মানুষকেও ভালবেসেছি, তবে আর আমার ক্ষমা করতে কার্পণ্য কেন? স্মৃতি ভালো, বিস্মৃতি আরোও ভালো। কে কবে কি অন্যায় করেছিল, অপকার করেছিল, কিভাবে অপমান করেছিল, কিছু মনে নেই সব ভুলে গিয়েছি— চিত্তের এ নির্মলতার মত মুক্তি আর কি আছে ? মালিন্য থেকে মুক্তি, সংকীর্ণতা থেকে মুক্তিই তো প্রকৃত শান্তির উপায়। যে ঈশ্বরপ্রেমে ভরপুর, তার মনে মালিন্যস্পর্শ আসবে কী করে? সে কি করে অপরের প্রতি রোষ বা অসূয়া পোষণ করতে পারে? নিজে অনুদার হলে কী করে সে ঈশ্বরকে বলতে পারে, আমার প্রতি প্রসন্ন হও। নিজে নিষ্ঠুর হলে কি করে বলা চলে আমার প্রতি করুণায় উথলে ওঠো! অতএব আমাদের মনে রাখতে হবে, অপরের দোষ মার্জনা করবার পরেই ঈশ্বরের মুখোমুখি হয়ে বলা সাজে এবার আমার অপরাধ তুমি মার্জনা করো প্রভু! "যাচি হে তোমার চরমশান্তি, পরাণে তোমার পরমকান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।"

