রাজ্য
জানুয়ারিতেই চালু নতুন বেকার ভাতা, ফেব্রুয়ারিতে মিলবে প্রথম কিস্তি
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নতুন বছরের শুরু থেকেই রাজ্যে চালু হতে চলেছে নতুন বেকার ভাতা প্রকল্প। আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্প কার্যকর হয়ে যাবে। সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে।
নির্বাচনের আগে নিজেদের সঙ্কল্পপত্রে রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের জন্য বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই ইস্তাহারে বলা হয়েছিল, কর্মহীন স্নাতকদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা স্নাতক নন, তাঁদের মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তবে নবান্ন সূত্রে জানানো হয়েছে, সঙ্কল্পপত্রে উল্লিখিত পুরো অঙ্কের টাকা এখনই চালু করা হচ্ছে না।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত আগামী ১৫ মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন কাঠামোয় এই ভাতা দেওয়া হবে। এই সময়কালে কর্মহীন স্নাতক এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে, যাঁরা স্নাতক নন বা ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত নন, সেই সমস্ত নথিভুক্ত বেকারদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই আবেদন প্রক্রিয়া এবং উপভোক্তা যাচাইয়ের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হবে, যাতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই সরাসরি উপভোক্তাদের হাতে টাকা পৌঁছে দেওয়া যায়। রাজ্যের বেকার যুবসমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দিতেই সরকারের এই পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

