সিঙ্গুরে ট্রাক কারখানা গড়বে অশোক লেল্যান্ড, দাবি সুকান্তর
নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দু’দশকের বন্ধ্যাত্ব কাটিয়ে এ বার কি তবে শিল্পের পথে হাঁটতে চলেছে সিঙ্গুর? শনিবার আইআইটি খড়গপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে বেরিয়ে এমনই বড়সড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানান, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে দেশের অন্যতম বৃহৎ অটোমোবাইল সংস্থা ‘অশোক লেল্যান্ড’। খুব শীঘ্রই সেই কারখানার কাজ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
২০০৬ সালে সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো গাড়ি কারখানাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জমি আন্দোলনের জেরে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল টাটা গোষ্ঠী। তার পর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেলেও সিঙ্গুরের সেই জমি আজও কার্যত পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। না সেখানে পুরোদমে চাষাবাদ হয়েছে, না গড়ে উঠেছে কোনও ভারী শিল্প। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে, সিঙ্গুরে ফের শিল্পের দরজা খুলতে চলেছে। এ দিন সুকান্ত মজুমদারের বক্তব্যে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।
এ দিন অতীতের বাম ও তৃণমূল জমানার শিল্পনীতির কড়া সমালোচনা করেন সুকান্ত। সেমিকন্ডাক্টর শিল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘সেমিকন্ডাক্টর শিল্পে আজ তাইওয়ান যে জায়গায় পৌঁছেছে, সেখানে আমরাই থাকতে পারতাম। আগে এই প্রস্তাব আমাদের কাছেই এসেছিল। কিন্তু তৎকালীন সরকার কম্পিউটারের বিরোধিতা করেছিল, ফলে রাজ্যে সেমিকন্ডাক্টর শিল্পও গড়ে ওঠেনি।’’ পরবর্তী সময়ে তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় শিল্প নিয়ে যতটা কথা হয়েছে, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।
তবে অতীতের সেই ‘ক্ষত’ এ বার মেরামত হতে চলেছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকার সিঙ্গুরে শিল্প আনতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রীর সুরেই সুকান্ত বলেন, ‘‘আমরা সিঙ্গুরে শিল্প আনতে চাই। আজ আমিও বলছি, সিঙ্গুরে অশোক লেল্যান্ড আসছে। তারা ট্রাক তৈরির কারখানা গড়বে এবং খুব তাড়াতাড়িই তার কাজ শুরু হবে।’’ সিঙ্গুরে অশোক লেল্যান্ডের মতো সংস্থার আগমনের খবরে রাজ্যের শিল্পমহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

