রাজ্য
দিল্লিতে ছাত্র আন্দোলনে মমতা, হুঁশিয়ারি কেন্দ্রের
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দেওয়া প্রতিশ্রুতি মেনেই এবার দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে শামিল হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার দিনের বেলাতেই দিল্লির ‘সিজেপি’ (CJP)-র ধর্নামঞ্চে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো। তবে তার আগেই যদি মোদি সরকার বিক্ষোভকারীদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়, তবে এই বিক্ষোভ সোমবার পর্যন্ত নাও চলতে পারে। সেক্ষেত্রে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা অবশ্য দলের তরফে এখনও স্পষ্ট করা হয়নি।
এদিকে সমাজমাধ্যম এক্স (X)-এ একটি দীর্ঘ পোস্ট করে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “শুরু থেকেই আমি শিক্ষার্থী এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই কেবল নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচার পাওয়ার জন্য নয়— এটি ভারতের প্রতিটি তরুণ-তরুণীর ভবিষ্যৎ রক্ষার লড়াই। কেবল জবাব চাওয়ার অপরাধে ছাত্রছাত্রীদের ওপর চালানো হয়েছে অমানবিক মারধর ও লাঠিচার্জ; তাদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পেলেট গান ও কাঁদানে গ্যাস। ভারতের প্রতিটি তরুণ-তরুণীর অদম্য মনোবল, অবিচল সাহস এবং লাঠিচার্জ, ভয়ভীতি কিংবা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের কাছে মাথা নত না করার মানসিকতাকে আমি কুর্নিশ জানাই।”
অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই তৃণমূল সাংসদরা সিজেপি-র আন্দোলনস্থলে গিয়েছেন এবং আন্দোলনকারীদের অনশন ভঙ্গ নিয়ে কথা বলেছেন। তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের অমানবিক হামলার প্রায় দু’হাজারটি ভিডিও দলের তরফে সংগ্রহ করা হয়েছে। সমাজমাধ্যমে প্রচারের জন্য সেই সমস্ত ভিডিও প্রমাণ ইতিমধ্যেই সিজেপি-র হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেরেক। নিট কাণ্ডকে কেন্দ্র করে দিল্লির এই আন্দোলনকে তৃণমূল যে জাতীয় স্তরে বড় হাতিয়ার করতে চলেছে, তা মমতার এই দিল্লি সফর থেকেই স্পষ্ট।

