সর্বশেষ খবর
প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: আসন্ন পুরসভা নির্বাচনের ঠিক মুখে বড়সড় ধাক্কা খেল কালীঘাটের তৃণমূল শিবির। রেজিনগর এবং নন্দীগ্রামের পর এবার কাউন্সিলর বা পুরভোটেও জোড়াফুল প্রতীক হাতছাড়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সুপ্রিম কোর্টে বহুল চর্চিত ‘প্রতীক-যুদ্ধ’ মামলার শুনানি শেষে শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চার মাস সময় দিয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আগামী নভেম্বরের পুরভোটের আগে প্রতীক সংক্রান্ত জট কেটে কোনও ফয়সালা হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির চরম দোলাচলের মধ্যে পড়ল। আগামী নভেম্বর মাসে রাজ্যের একাধিক পুরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও সমাসন্ন। কিন্তু প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে কোনও নিষ্পত্তি না হওয়ায়, এই দুই নির্বাচনে দুই পন্থী আদেও তাদের চিরপরিচিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।
আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে চার মাস সময় দেওয়ায় পুরভোটের আগে এই আইনি জট খোলার কোনও সম্ভাবনা নেই। ফলে প্রতীক ছাড়া কীভাবে নির্বাচনে লড়াই করা হবে, তা নিয়ে কালীঘাটের অন্দরে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। যদি শেষ পর্যন্ত জোড়াফুল প্রতীক না পাওয়া যায়, তবে অন্য কোনও প্রতীকে লড়তে হতে পারে প্রার্থীদের, যা সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

