রাজ্য
বিএড ও ডিএলএড ভর্তিতে নিষেধাজ্ঞা বহাল, ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিকাঠামোগত ঘাটতি থাকলে কলেজগুলিকে তা সংশোধনের সুযোগ দিতে হবে। বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের অধীন শতাধিক কলেজে বিএড (B.Ed) এবং ডিএলএড (D.El.Ed) কোর্সে চলতি শিক্ষাবর্ষে (২০২৬-২৮) ভর্তি বন্ধ সংক্রান্ত মামলায় এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। তবে এখনই ভর্তির ওপর থেকে নিষেধাজ্ঞা তোলেননি বিচারপতি অমৃতা সিনহা।
শুক্রবার এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত কলেজগুলির অনুমোদন সংক্রান্ত সমস্যা মিটছে না, ততদিন ২০২৬-২৮ শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির আবেদন মঞ্জুর করা সম্ভব নয়।
তবে কলেজগুলির ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি সময়সীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কলেজগুলির বক্তব্য শুনতে হবে বিশ্ববিদ্যালয়কে। পরিকাঠামোগত ত্রুটি সংশোধনের সুযোগ দিয়ে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে।
হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত ওই শতাধিক কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকলেও, ১৫ দিনের মধ্যে সমস্যা মিটিয়ে অনুমোদন পাওয়ার একটি পথ খোলা থাকল বলে মনে করছে শিক্ষামহল।

