রাজ্য
আবাস প্রকল্পে ৬৯ হাজার ভুয়ো উপভোক্তা, সিট গড়ে সিআইডি তদন্তের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাস প্রকল্পে বেনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে নবান্ন। পূর্বতন সরকারের আমলে নিয়ম ভেঙে যাঁরা সরকারি টাকা নিয়েছেন, তাঁদের চিহ্নিত করতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই ঘোষণা করেন তিনি।
রাজ্য প্রশাসনের সাম্প্রতিক তথ্যে আবাস প্রকল্পে বড়সড় গরমিলের ছবি সামনে এসেছে। এসআইআর পরবর্তী ভোটার তালিকা খতিয়ে দেখে জানা গিয়েছে, ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’য় এমন ৫৭ হাজার উপভোক্তা রয়েছেন, যাঁরা হয় মৃত, নয়তো ভুয়ো, স্থানান্তরিত অথবা অনুপস্থিত (এএসডিডি)।
শুধু তাই নয়, বিগত সরকারের আমলে ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ) প্রকল্পে আরও ১২ হাজার উপভোক্তার হদিস মিলেছে, যাঁরা সম্পূর্ণ নিয়মবহির্ভূত ভাবে আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। উল্লেখ্য, পূর্বতন সরকারের সেই প্রকল্পটির নাম বদলে বর্তমানে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ রাখা হয়েছে।
বিগত সরকারের আমলে কীভাবে এই বিপুল সংখ্যক ভুয়ো উপভোক্তার হাতে সরকারি কোষাগারের টাকা পৌঁছল, তা খতিয়ে দেখতেই সিআইডি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন নবান্ন সভাঘরে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’র অধীনে ৭ লক্ষ ১৭১ জন প্রকৃত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে সিট গঠনের কথা জানান মুখ্যমন্ত্রী।

