সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না: বায়ুসেনা প্রধান
নিজস্ব প্রতিনিধিঃ ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ১৮ বছর পূর্তিতে কড়া বার্তা দিল ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার দিল্লিতে ২৬/১১ হামলার স্মরণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিত স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের নিরাপত্তা নীতিতে এখন ‘নিউ নরমাল’তৈরি হয়েছে। অতীতে বড় হামলার পরেও পাল্টা জবাব না দেওয়ার যে ছবি দেখা যেত, বর্তমানে সেই পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে। এখন যে কোনও সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ব্যর্থ করে হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে, যার অন্যতম উদাহরণ ‘অপারেশন সিঁদুর’।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সুরেই সুর মিলিয়ে বায়ুসেনা প্রধান বলেন, সন্ত্রাস ও আলোচনা কোনোভাবেই একসঙ্গে চলতে পারে না। তাঁর কথায়, ‘আমরা দেশে এক নতুন স্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছি। আমাদের প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন—সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে আশুতোষ দীক্ষিত আরও বলেন, ‘একজন সন্ত্রাসবাদী এবং তার নেপথ্যে থাকা মদতদাতাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো পরিস্থিতির জবাব দিতে আমরা সবাই প্রস্তুত।’
দেশের বর্তমান নিরাপত্তা পরিকাঠামোর ওপর আস্থা রেখে তিনি জানান, বর্তমানে যে ধরনের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, তাতে আগামী দিনে ২৬/১১-এর মতো ভয়াবহ ঘটনা আর কখনওই ঘটবে না বলেই আশা করা যায়।

