সীমান্তে টেলিকম নেটওয়ার্ক অপব্যবহার করে জেহাদি ষড়যন্ত্র
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভারতীয় এবং বাংলাদেশি টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করে সাংকেতিক ভাষায় নাশকতার ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকা জেহাদিরা। শুধু জঙ্গি সংগঠনই নয়, সীমান্তের এই মোবাইল নেটওয়ার্কের চোরাগোপ্তা সুযোগ নিচ্ছে পাচারকারীরাও। শুক্রবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় আয়োজিত ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি গ্রিড’-এর মালদহ ডিভিশনের উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুতর নিরাপত্তা উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপার থেকে আসা নেটওয়ার্ক এবং এপারের নেটওয়ার্কের সীমানা পেরোনো সিগন্যালকে কাজে লাগিয়ে গোপন যোগাযোগ রক্ষা করছে দুষ্কৃতীরা। এই ধরনের কার্যকলাপ আগাম রুখতে সীমান্তবর্তী চার জেলা— মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর প্রশাসনকে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে, অবিলম্বে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলিকে এই বিষয়ে সতর্ক করতে হবে এবং নেটওয়ার্কের অপব্যবহার রুখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পদক্ষেপ নিতে হবে।
এদিনের বৈঠকে সীমান্ত সুরক্ষার আরও একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া বিভিন্ন বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক ভিডিও পোস্টের উপর কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, জালনোটের কারবার এবং মাদক পাচার রোধে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও পর্যালোচনা হয়। সীমান্তের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের সঙ্গে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

