সর্বশেষ খবর
জামুড়িয়ায় ক্ষেতমজুর সংগঠনের বিক্ষোভ, বিডিও অফিসে ডেপুটেশন
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া: একশো দিনের কাজ পুনরায় চালু করা এবং গ্রামীণ এলাকার বেহাল রাস্তা সংস্কার-সহ একাধিক দাবিতে সোমবার উত্তাল হয়ে উঠল জামুড়িয়ার ২ নম্বর ব্লক কার্যালয়। সারা ভারত ক্ষেতমজুর ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃত্বে এদিন ব্লক অফিসের সামনে প্রায় এক ঘণ্টা ধরে তুমুল বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী-সমর্থকেরা। পরে ব্লকের এক শীর্ষ আধিকারিককে একটি স্মারকলিপিও দেওয়া হয়। আন্দোলনকারীদের মূল অভিযোগ, বিধানসভা ভোট মিটে যাওয়ার পর থেকেই স্থানীয় পঞ্চায়েতগুলির কাজ পুরোপুরি থমকে গিয়েছে।
সংগঠনের বর্ষীয়ান নেতা সুকুমার সাঙ্গুই এবং হারাধন গোপ বলেন, "রাজ্য সরকার ১২৫ দিনের কাজের প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে স্রেফ ভাঁওতা দিচ্ছে। অবিলম্বে প্রকৃত একশো দিনের কাজ চালু করতে হবে।" একই সঙ্গে পঞ্চায়েত প্রধানদের নিয়মিত কার্যালয়ে আসা নিশ্চিত করা এবং সরকারি ত্রাণ বিলির ক্ষেত্রে সব রকম দলবাজি ও রাজনীতি বন্ধ করার জোরালো দাবি তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের আরও দাবি, এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ পড়া সমস্ত যোগ্য ভোটারের নাম পুনরায় তালিকায় নথিভুক্ত করতে হবে। রাজ্যে সরকার নির্দিষ্ট দামে বালি মেলার দাবি করলেও, বাস্তবে সাধারণ মানুষ পর্যাপ্ত বালি পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তাঁরা।
ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে জামুড়িয়া গ্রামীণ এলাকার মোট ৮টি গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়া রাস্তা দ্রুত মেরামতের দাবি জানানো হয়েছে। এই তালিকায় রয়েছে চাকদোলা মোড় থেকে জামুড়িয়া, বাগডিহি থেকে চিচুড়িয়া, সিদ্ধপুর থেকে ধসল এবং বেলডাঙা থেকে নতুন জামশোল-সহ একাধিক রাস্তা। বেহাল রাস্তার কারণে প্রতিদিন যাতায়াতে চরম ক্ষোভ জমছে এলাকায়।
এ দিকে, ডেপুটেশন নেওয়ার পর ব্লকের এক আধিকারিক জানিয়েছেন, স্মারকলিপিতে উল্লিখিত স্থানীয় সমস্যাগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। গ্রামীণ রাস্তা সংস্কার ও অন্যান্য প্রশাসনিক বিষয়গুলি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

