সর্বশেষ খবর
করাচিতে ‘ধুরন্ধর’ স্টাইলে গুলি, রক্তাক্ত লায়রির ত্রাস উজেরের ভাই
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রুপোলি পর্দার ‘রিল লাইফ’ যেন এক লহমায় মিলে গেল করাচির ‘রিয়াল লাইফে’। বলিউডের ‘ধুরন্ধর’ সিনেমার দৌলতে ভারতের আমজনতার কাছে চর্চায় উঠে এসেছিল পাকিস্তানের করাচির কুখ্যাত অপরাধ প্রবণ এলাকা লায়রি। এবার সেই চেনা এলাকাতেই ঘটে গেল এক ভয়ংকর গ্যাংস্টার স্টাইলের গুলির লড়াই। একদা গোটা লায়রি কাঁপানো ত্রাস তথা ‘পিপলস এমন কমিটি’-র কারাবন্দি প্রধান উজের বালোচের ভাই জুবের বালোচকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। অতর্কিত এই হামলায় জুবেরের বুকে ও পেটে একাধিক গুলি লেগেছে এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
করাচির পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গু লেন এলাকায় নিজের বাড়ির সামনে বসেছিলেন বছর চল্লিশের জুবের বালোচ। ঠিক সেই সময় মুখ ঢাকা অবস্থায় একটি মোটরবাইকে করে দুই যুবক সেখানে এসে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই জুবেরকে লক্ষ্য করে তারা পিস্তল থেকে একের পর এক গুলি ছুঁড়তে শুরু করে। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় এক দোকানদার পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করতেই চোখের পলকে চম্পট দেয় হামলাকারীরা। এই এলোপাথাড়ি গুলির কবলে পড়েন ওই রাস্তা দিয়ে যাওয়া দুই পথচারীও। তাঁদের শরীরেও গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় জুবের এবং বাকি দু’জনকে তড়িঘড়ি করাচির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনেরই অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক।
এক সময়ে এই উজের বালোচ ও তার গ্যাংয়ের নৃশংসতা, শত্রুর মাথা কেটে ফুটবল খেলার মতো হাড়হিম করা অপরাধের ইতিহাস কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানকে। সিনেমার পর্দায় সেই গল্প আসার পর নতুন করে জুবেরের ওপর এই হামলা আসলে পুরনো কোনো গ্যাংস্টার শত্রুতার জের নাকি এর পিছনে কোনো নতুন রাজনৈতিক কোন্দল রয়েছে, তা খতিয়ে দেখছে পাকিস্তান পুলিশ। ঘটনার পর থেকেই গোটা লায়রি জুড়ে নতুন করে গ্যাংওয়ার শুরু হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে।

